কুলাউড়ায় প্রবাসীদের উদ্যোগে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন প্রদান

June 17, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে উপজেলার বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং বরমচাল খন্দকার (রঃ) দাখিল মাদ্রাসার শিক্ষকদের বেতন প্রদান করা হয়েছে। কলেজের ৪ জন শিক্ষক প্রত্যেককে ৭ হাজার টাকা করে মোট ২৮ হাজার টাকা মাসিক বেতন এবং মাদ্রাসার ১৪ জন শিক্ষক ও ২ জন স্টাফের ৪ মাসের বেতন মোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

বরমচাল ইউনিয়নের শিক্ষাখাতে এসব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ ও মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া আহাদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার ১৬ জুন দুপুরে বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এবং বিকেলে বরমচাল খন্দকার (রঃ) দাখিল মাদ্রাসায় এই সংবর্ধনা প্রদান করা হয়।

বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি মোঃ খায়রুল আমীনের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক জয়ন্ত মালাকারের সঞ্চালনায় বরমচাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ফজলুল হক, সহকারী অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, বরমচাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইছহাক চৌধুরী ইমরান, বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উপদেষ্ঠা আজাদ আলী শিপু, সাধারণ সম্পাদক ব্যরিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, প্রতিষ্ঠানের গভর্ণিং বডির অভিভাবক সদস্য তাজুল ইসলাম সাইকুল, সমাজসেবক ছালিক আহমদ গেদা, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালিক প্রমুখ।

এদিকে বরমচাল খন্দকার (রঃ) দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মাহতাবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি আব্দুল আহাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের উপদেষ্ঠা আজাদ আলী শিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা সুফিয়া আহাদ, ইউপি সদস্য আশরাফুল ইসলাম রাজিব প্রমুখ।

বরমচাল ডেভোলপম্যান্ট এসোসিয়েশন যুক্তরাজ্যের সভাপতি কমিউনিটি নেতা আব্দুল আহাদ বলেন, ‘আমরা প্রবাসীরা চাই, আমাদের এলাকার যুবসমাজ নিরক্ষরমুক্ত সুশিক্ষায় শিক্ষিত হোক। একটি সুন্দর মানসিকতার সমাজব্যবস্থা গড়ার প্রধান মূল প্রতিবন্ধকতা হলো নিরক্ষরতা। তাই, টাকার অভাবে এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে যদি শিক্ষক নিয়োগ না দিতে পারে, ছাত্র-ছাত্রীরা শিক্ষা থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। যুক্তরাজ্যে বসবাসরত বরমচালের আজাদ আলী শিপু, গোলাপ খান, এমরান উদ্দিন আহমদ, ফয়সাল আহমদ, ব্যারিষ্টার ফয়েজ উদ্দিন আহমদ, তাজুল ইসলাম, সেলিম উদ্দিন, মঞ্জু খান, লাকিসহ আরও অনেকে আমাদের এই উদ্যোগে একাত্মতা পোষণ করে সহযোগীতা করছেন। বরমচালের শিক্ষা ও সার্বিক বিভিন্ন উন্নয়ন কাজে আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com