পরিচয় পাওয়া গেছে চার লাশের

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার বরমচালে ভয়াবহ ট্রেন দূর্ঘটনায় নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ। দূর্ঘটনার পরপরই ঘটনাস্থলেই এ চারজন মারা গেছেন বলে উদ্ধার কর্মীদের ধারনা। তারা হলেন, মনোয়ারা পারভীন (৪৫), ফাহমিদা ইয়াসমিন ইভা (২২), সানজিদা আক্তার (২২) এবং কাওছার আহমদ (২৬)।
কুলাউড়া হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, মনোয়ারা পারভীন কুলাউড়া পৌরসভার টিটিডিসি এরিয়ার বাসিন্দা আব্দুল বারীর স্ত্রী। তিনি মেয়ের বাসা থেকে উপবন ট্রেনযোগে কুলাউড়ায় ফিরছিলেন। এ সময় উনার মেয়ে এবং বোনের মেয়ে সাথে ছিল। দুর্ঘটনায় ট্রেনের জানালার কাচ ভেঙে উনার মাথা, মুখ ও বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তাঁর সাথে থাকা মেয়ে ও বোনের মেয়ে সামান্য আহত হয়। ফাহমিদা ইয়াসমিন ইভা সিলেটের মোগলাবাজার থানার আব্দুল্লাপুর এলাকার আব্দুল বারীর মেয়ে। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ নার্স।
ফাহমিদার ভাই আব্দুল হামিদ জানান, রাতে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে বোনের খোজে ঘটনাস্থলে আসেন। রাতভর সেখানে খোঁজ করে বোনকে না পেয়ে সকালে কুলাউড়া হাসপাতালে এসে মৃতদের মধ্যে তার বোনকে সনাক্ত করেন। তিনি বলেন, নার্সিং ট্রেনিংয়ের জন্য সিলেট থেকে উপবন ট্রেনে করে ঢাকা যাচ্ছিল ফাহমিদা। অপর নিহত নারী সানজিদা আক্তারের বাড়ি বাগেরহাট জেলায়। তিনিও সিলেট নার্সিং কলেজের ছাত্রী বলে জানা গেছে। এদিকে নিহত কাওসারের বাড়ি হবিগঞ্জের বাহুবল এলাকায় বলে নিশ্চিত করেছে পুলিশ। তাঁর বাবার নাম মো. নূর হোসেন।



মন্তব্য করুন