পাঁচ চিকিৎসকের কাঁধে প্রতিদিন শতাধিক রোগী বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লেখালেখির পরও কোন প্রতিকার পাওয়া যায়না

July 18, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলা সদর হাসপাতাল কুলাউড়া উপজেলা সদর হাসপাতালে পাঁচজন ডাক্তার দিয়ে চলছে সেবা কার্যক্রম। নিয়ম অনুযায়ী ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারসহ মোট ২১ জন ডাক্তারের পদ রয়েছে এ হাসপাতালে। অথচ একজন জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) বিশেষজ্ঞ ডাক্তারসহ মাত্র ৫ জন ডাক্তার দায়িত্ব পালন করছেন।

এ দিকে গুরুত্বপূর্ণ পদের মধ্যে মেডিসিন, সার্জারি, গাইনি, এ্যানেসথেসিয়া, কার্ডিওলজি, চক্ষু, শিশু, ইএনটিসহ ৯টি পদের জুনিয়র কনসালটেন্ট ও আরএমও, এমও, সহকারী সার্জন, ইএমও, আইএমও, প্যাথলজিস্ট, এ্যানেসথেসিস্টসহ ১৫ পদ শূন্য রয়েছে। এতে প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া রোগী ও আউটডোরের শতাধিক রোগীকে মাত্র ৫ জন ডাক্তারের পক্ষে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।

জানা যায়, এ হাসপাতালে অপারেশনের রোগী, গর্ভবতী মা ও দুর্ঘটনায় আহত রোগীদের মৌলভীবাজার জেলা সদরে অথবা সিলেট ওসমানী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক জানান, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় হাসপাতালের ডাক্তার-কর্মচারী সঙ্কটের বিষয় একাধিকবার উত্থাপন করা হয়েছে। এমনকি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বার বার লেখালেখির পরও এখনো সমস্যার কোনো প্রতিকার পাওয়া যায়নি। হাসপাতালের বর্তমান সমস্যার দ্রুত প্রতিকার করা না হলে রোগীদের ভোগান্তি আরও প্রকট আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com