কুলাউড়ায় মাদকাসক্তের আঘাতে চোঁখ হারাতে বসেছে তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বী

July 20, 2019,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় আব্দুল আহাদ নামে এক মাদকাসক্ত ব্যক্তির আঘাতে চোঁখ হারাতে বসেছে প্রতিবন্ধী রিক্সা ড্রাইভার মনসুর আলীর ছেলে রবিউল হোসেন রাব্বি (৮) নামে এক শিশুর। ১৮ জুলাই বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে কুলাউড়া পৌর শহরের দক্ষিণ চাতলগাঁও এলাকার শরফু মিয়ার ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। রবিউল হোসেন রাব্বি কুলাউড়া পৌর শহরের আলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও রাব্বির স্বজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রাব্বি একা তার ঘরে টিভি দেখছিল। এ সময় একই এলাকার বাসিন্দা মাদকাসক্ত আব্দুল আহাদ রাস্তা দিয়ে যাওয়ার সময় রাব্বিকে একা ঘরে দেখতে পেয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় আহাদ বাঁশের টুকরো দিয়ে রাব্বিকে উপর্যুপরি ঘরের ভিতর আঘাত করে গুরুতর আহত করে। রাব্বির আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ভয়ে পালিয়ে যায় আহাদ।
স্থানীয়রা জানান, আহাদ দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত। মাদকের নেশায় জমিজমা বিক্রি করে বেশ কয়েক বছর ধরে উন্মাদের মতো দিনরাত রাস্তায় ঘুরাফেরা করে। নেশার টাকা জোগাড় করতে সে বিভিন্ন সময় এলাকার মানুষদের উৎপাত করে। গুরুতর আহত রাব্বিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
কুলাউড়া ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা টহল দায়িত্বে ছিলাম। রাজনগর থেকে কুলাউড়া ফেরার পথে চাতলগাঁও এলাকায় একটি মহিলা বাচ্চাকে নিয়ে কাঁদতে দেখে গাড়ি থেকে নেমে মহিলাকে জিজ্ঞেস করলে তারা সহযোগিতা চাইলে কুলাউড়া হাসপাতালে গিয়ে এ্যাম্বুলেন্স ব্যবস্থা করে দেই।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক বলেন, বাচ্চাটির চোখের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়ারদৌস হাসান বৃহস্পতিবার রাত ৮টায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহাদ মাদকাসক্ত বলে জানিয়েছেন এলাকাবাসী। এ ব্যাপারে থানায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com