কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন কেন্দ্রের হস্তক্ষেপে ২য় বারের মত স্থগিত

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলা বিএনপি’র সম্মেলন ২য় বারের মত স্থগিত হলো। শনিবার ২০ জুলাই জেলা পৌর মিলনায়তনে আয়োজিত সম্মেলন স্থগিত করা হয়। এনিয়ে কুলাউড়ায় বিএনপি নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
কুলাউড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলমগীর হোসেন ভুঁইয়া জানান, ২০ জুলাই শনিবার মৌলভীবাজার সদর পৌর মিলনায়তনে সম্মেলনের তারিখ নির্ধারিত ছিলো। কিন্তু আগের রাতে তাকে মোবাইল ফোনে সম্মেলন স্থগিত জানানো হয়। ৩৫ জন কাউন্সিলরসহ নেতৃবৃন্দ সবাই ছিলেন প্রস্তুত। কিন্তু হঠাৎ স্থগিতের ঘোষণার কারণ জানতে চেয়েছিলেন জেলা নেতৃবৃন্দের কাছে। তারা বলেছেন, জেলা সভাপতির সাথে সাবেক উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজার বিরোধ ঢাকায় নিষ্পত্তির একটা উদ্যোগ নেয়া হয়েছে। যার সম্ভাব্য তারিখ ২২ জুলাই। এরপর কুলাউড়া উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
কুলাউড়া উপজেলা বিএনপির অব্যাহতিপ্রাপ্ত আহবায়ক অ্যাডভোকেট আবেদ রাজা জানান, কেন্দ্রের নেতৃবৃন্দকে কুলাউড়ার সার্বিক পরিস্থিতি অবহিত করি। তাদের হস্তক্ষেপে আজকের মৌলভীবাজারের সম্মেলন স্থগিত করা হয়েছে। কেন্দ্র অবশ্য এসব ব্যাপারে সাড়া দিয়েছেন। তাদের আমরা জানিয়েছি, কুলাউড়া কাউন্সিল সম্মানজনক ভাবে কুলাউড়ায়ই হতে হবে। ফলে তারা মৌলভীবাজারের সম্মেলন স্থগিত করেছেন।
উলে¬খ্য,১৫ জুন ছিলো বিএনপি’র সম্মেলন পূর্বনির্ধারিত তারিখ। সম্মেলনের দিন সকাল ১০টায় জেলা বিএনপি সম্মেলন স্থগিত করে। এরপর ২০ জুন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এরপর ৩০ জুন জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সভায় সিনিয়র যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন ভূঁইয়াকে আহবায়কের দায়িত্ব দেয়া হয়। সর্বশেষ ১৫ জুলাই আহবায়ক কমিটির ৩ সদস্যকে বহিষ্কার করা হয়।



মন্তব্য করুন