কুলাউড়ায় গুজবের বিরুদ্ধে পার্লামেন্ট জার্নালিষ্টদের প্রচারাভিযান

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় সামাজিক অস্থিরতা ও সহিংসতার জন্য দায়ী ‘গুজব’ এর বিরুদ্ধে প্রচারাভিযান করেছে পার্লামেন্ট জার্নালিষ্টরা। তিনদিনের প্রচারাভিযানের কর্মসূচীর অংশ হিসেবে ১ আগস্ট বৃহস্পতিবার রাতে কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে স্থানীয় গণমাধ্যকর্মীদের সাথে মতবিনিময়কালে সারাদেশ ব্যাপী গুজবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোরালো আহ্বান জানানো হয়েছে।
মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি ও নিউনেশন প্রতিনিধি এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও কালের কণ্ঠের কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিলের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র, সাংবাদিক গাজী শাহনেওয়াজ, শাহজাহান মোল্লা, বাহরাম খাঁন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শাকিলা পারভিন, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মোঃ আজিজুল ইসলাম, সাংবাদিক খালেদ পারভেজ বখশ, ময়নুল হক পবন, সাংবাদিক আসাদুর রহমান, সৈয়দ আশফাক তানভীর, এম এ কাইয়ুম, জিয়াউল হক জিয়া প্রমুখ। মতবিনিময়ে বক্তারা বলেন, গুজব ছড়ানো ও গুজবে সাড়া দেওয়া দু’টোই সমান অপরাধ। সকলকে গুজবের বিষয়ে সচেতন থাকতে হবে এবং মানুষকে সচেতন করে তুলতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কোন ভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। দেশে অস্থিরতা সৃষ্টির জন্য পরিকল্পিত ভাবে গুজব ছড়ানো হচ্ছে। যে গুজবে সাড়া দিয়ে অনেক নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। এ ধরণের নৃশংসতাকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে।
উল্লেখ্য, পার্লামেন্ট জার্নালিষ্টদের তিন দিনের প্রচারাভিযান বুধবার জাতীয় সংসদ ভবন থেকে শুরু হয়। ঢাকা থেকে সিলেট আসার পতে পথিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় গুজব বিরোধী প্রচারণা চালিয়ে শুক্রবার কর্মসূচীর সমাপ্তি হয়।



মন্তব্য করুন