ছলিমবাজার-সুনছড়া রাস্তার বেহাল দশা  ব্র্রীজ ভেঙ্গে যানবাহন চলাচল বন্ধ

August 21, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার ছলিমবাজার-সুনছড়া রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করলেও আজ পর্যন্ত রাস্তাটি পাকা বা ইট সলিং এর কোন কাজ হয়নি। এছাড়া রাস্তার মধ্যে একটি ব্রীজ প্রায় ৩ বছর যাবৎ অল্প অল্প করে ভেঙ্গে বিশাল আকার ধারন করায় বর্তমানে কোন ধরনের যান বাহন চলাচল করতে পারছেনা। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অবগতি করলেও কোন পদক্ষেপ গ্রহণ করছেন না। এতে করে এলাকার লোকজন চরম ভোগান্তিতে পড়ছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ছলিমবাজার-সুনছড়া রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সর্বস্তরের জনসাধারণের জেলা ও উপজেলা সদরে চলাচলের একমাত্র রাস্তা। বিগত বন্যায় রাস্তাটি অনেক স্থানে ভেঙ্গে যায়। দীর্ঘ ২/৩ বছর হলেও রাস্তাটি মেরামত করা হয়নি। স্থানীয় ইউপি সদস্য সুকুমার দেবনাথ, এলাকাবাসীকে নিয়ে ব্যাক্তিগতভাবে কিছুটা মেরামত করেছিলেন। বৃষ্টি হলেও রাস্তাটি করুন অবস্থায় পরিণত হয়। রাস্তার উপরে একটি ব্রীজ রয়েছে। ব্রীজটি অল্প অল্প করে ভেঙ্গে এখন বিশাল আকার ধারন করছে। বর্তমানে এই রাস্তা দিয়ে কোন ধরনের যান বাহন চলাচল করতে পারছেনা। দীর্ঘদিন ধরে রাস্তা ও ব্রীজের কথা এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোন ধরনের পদক্ষেপ নেননি। এ বিষয়টি নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।

এ ব্যাপারে এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা সহকারি প্রকৌশলী মো. মামুন ভূঁইয়া জানান, রাস্তার টেন্ডার হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com