কমলগঞ্জের আলীনগর চা বাগানে এক নারী চা শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে এক নারী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম দিপালী রায় (৪০)। সে চা শ্রমিক সন্তু রায়ের স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে আলীনগর চা বাগানের পাক্কা লাইন শ্রমিক বস্তিতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আলীনগর চা বাগানের নারী চা শ্রমিক তিন সন্তানের জননী সুস্থভাবে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। ভোরে বিছনায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি জেনে চা বাগান ব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে অবহিত করেন। ২৩ আগস্ট শুক্রবার সকালে কমলগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন