কমলগঞ্জে ভাতার টাকা পেলো ১৩৬১টি পরিবার

November 11, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসুচীর আওতায় সুবিধাভোগী বয়স্কভাতা, বয়স্ক চা শ্রমিক, বিধবা, স্বামী নিগৃহিতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ১৩৬১ জনের মাঝে মোট ৮৮ লক্ষ ৬ হাজার ৮শত টাকার বিভিন্ন ভাতা প্রদান করা হয়েছে। সোমবার ১১ নভেম্বর দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কর্মসুচীর শুভ উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, মুক্তিযেদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজসেবা কর্মকর্তা মো. সুয়েব হোসেন চৌধুরী। প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আছলম ইকবাল মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান প্রমুখ।

অনুষ্ঠানে ৮৫৫ জন বয়স্ককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ৫১ লক্ষ ৩০ হাজার টাকা। ৪৫ জন বয়স্ক চা শ্রমিককে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ২ লক্ষ ৭০ হাজার টাকা। ১৯৪জন বিধবা ও স্বামী নিগৃহিতাকে মাসিক ৫০০ টাকা হারে এক বছরের জন্য ১১ লক্ষ ৬৪ হাজার টাকা এবং ২৬৭ জন অসচ্ছল প্রতিবন্ধীকে মাসিক ৭০০ টাকা হারে এক বছরের ২২ লক্ষ ৪২ হাজার ৮শত টাকা সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com