কমলগঞ্জে জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-১, থানায় পৃথক দুটি অভিযোগ

November 17, 2019,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে দ্ইু পক্ষের মাঝে উত্তেজনা ও হামলায় নিরিহ একজন আহত হওয়ার অভিযোগ করা হয়েছে। এঘটনায় উভয় পক্ষই পৃথকভাবে কমলগঞ্জ থানায় দুটি লিখিত অভিযোগ করেছেন। শনিবার ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টায় দুই দল মুসল্লির মাঝে উত্তেজনা ঠেলা ধাক্কা হলে রাত ৮টায় এক পক্ষের হামলায় রমজান আলী (৫৭) নামে নিরিহ এক ব্যক্তি আহত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে মঈন উদ্দীন মিয়ার স্ত্রীর জানাজার নামাজ শেষে দোয়া না করে লাশ দাফন করতে গেলে একই গ্রামের আলাউদ্দীন মিয়া আপত্তি জানান। তিনি বলেন দোয়া পড়েই লাশের দাফন করতে হবে। এ নিয়ে মুসল্লী দুরুদ মিয়ার সাথে আলাউদ্দীন মিয়ার বাক বিতন্ডার এক পর্যায়ে ঠেলা ধাক্কা হয়। তাৎক্ষনিক উপস্থিত মুসল্লীরা বিষয়টি নিষ্পত্তি করে দিয়ে দুইজনকেই সরিয়ে দেন।

এ ঘটনার জের ধরে রাতে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেরা মিলে দুরুদ মিয়াকে মারপিট করার জন্য খোঁজতে থাকে। তখন দুরুদ মিয়াকে না পেয়ে মঙ্গল মিয়ার দোকানের সামনে দুরুদ মিয়ার আত্মীয় টমেটো চাষী রমজান আলীকে পেয়ে মারপিট করেন আলাউদ্দীন মিয়া ও তার ছেলেরা। এঘটনায় টমেটো চাষী রমজান মিয়া আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহত রমজান মিয়াকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।

এ ঘটনায় ১৬ নভেম্বর শনিবার রাতে আহত রমজান মিয়ার ছেলে শাহীন মিয়া বাদি হয়ে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেদের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। বাদি রমজান মিয়ার জামাতা কামাল মিয়া অভিযোগ করে বলেন, জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে বিরোধের ঘটনায় তার শ্বশুর জড়িত নন। তিনি সন্ধ্যায় জমির উৎপাদিত টমেটো বিক্রি করে ৪০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আলাউদ্দীন মিয়া ও তার ছেলেরা হামলা চালিয়ে আহত করেছে ও নগদ অর্থ ছিনিয়ে নিয়ে গেছে।

তবে আলাউদ্দীন মিয়ার ছেলে গিয়াস উদ্দীন অভিযোগ করে বলেন, জানাজার নামাজ শেষের ঘটনাটি ঘটনাস্থলেই সমাধান হয়ে গেলে রাত ৮টায় গ্রামের ১৫ থেকে ২০ জনের একটি দল নিয়ে প্রতিপক্ষ তার বাড়িতে হামলা চালিয়েছে। হামলায় তার অসুস্থ্য ছোট ভাইয়ের চিকিৎসার জন্য রাখা ২ লাখ টাকা লুট করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দীন মিয়ার স্ত্রী আমিরুন বিবি বাদি হয়ে প্রতিপক্ষের উপর থানায় লিখিত অভিযোগ করেছেন।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিন তদন্ত করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মাধবপুরে জানাজার নামাজ শেষে দোয়া পড়া নিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষনিক স্থানীয়ভাবে সেটির সমাধান হয়েছে। পরবর্তীতে যে ঘটনাগুলোর উল্লেখ করে থানায় দুই পক্ষ অভিযোগ করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com