কুলাউড়ার নারী ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু আর নেই

December 3, 2019,

ইমাদ উদ দীন॥ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে ১৪৪ ধারা ভেঙে মিছিল করা ভাষাসৈনিক মৌলভীবাজারের রওশন আরা বাচ্চু আর নেই। ৩ ডিসেম্বর মঙ্গলবার ভোর রাতে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মেয়ে তাহমিদা বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, মা বেশ কদিন ধরেই অসুস্থ ছিলেন। অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভোর সাড়ে ৩ টার দিকে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে কুলাউড়াসহ পুরো জেলার রাজনীতিবীদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁর রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। জানা যায় ১৯৩২ সালের ১৭ই ডিসেম্বর মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার উছলাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ভাষাসৈনিক রওশন আরা বাচ্চু। তাঁর বাবা এ এম আরেফ আলী, মা মনিরুন্নেসা খাতুন। পিরোজপুর গার্লস স্কুল থেকে ম্যাট্রিক, বরিশালের ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে অনার্স ও পরে ইতিহাসে এমএ পাস করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতেই রওশন আরা গণতান্ত্রিক প্রোগ্রেসিভ ফ্রন্টে যোগ দিয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে। সলিমুল্লাহ মুসলিম হল এবং উইম্যান স্টুডেন্টস রেসিডেন্সের সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন ঢাকার আনন্দময়ী স্কুল, লিটন অ্যাঞ্জেলস, আজিমপুর গার্লস স্কুল (খন্ডকালীন), নজরুল একাডেমি, কাকলি হাই স্কুল এবং পরে আলেমা একাডেমিতে। সবর্শেষে ২০০০ সালে বিএড কলেজে অধ্যাপক হিসেবে অবসর  গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com