সরকারী ভুমির আগরগাছ কর্তন : এসিল্যান্ডের অভিযানে জব্দ

December 15, 2019,

আব্দুর রব॥  বড়লেখায় সরকারী খাস ভুমি থেকে অবৈধভাবে ব্যাপক পরিমান আগর গাছ কেটে ফেলেন জনৈক ব্যবসায়ী শরিফ উদ্দিন।

ইউএনও’র নির্দেশে স্থানীয় তহশিলদার কেটে ফেলা ৬-৭ লাখ টাকার আগর গাছ জব্দ করে স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখেন এবং গাছ কাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু এ ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ অমান্য করে জোরপূর্বক সরকারী ভুমির আগর গাছ কাটা অব্যাহত রাখেন এবং রাতে অংশবিশেষ চুরি করে নিয়ে যান। অবশেষে বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী অবৈধভাবে কেটে ফেলা আগর গাছগুলো উদ্ধার ও জব্দ করে বন বিভাগের রেঞ্জ অফিসে জমা রেখেছেন।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ৭নং কাশেম নগর গ্রামের সরকারী গোরস্থানের প্রায় ২০ লাখ টাকার আগরগাছ স্থানীয় ৫ ব্যক্তির নিকট থেকে অবৈধভাবে নামমাত্র মূল্যে ক্রয় করেন সুজানগর ইউপির জনৈক ব্যবসায়ী শরিফ উদ্দিন।

বুধবার ১১ ডিসেম্বর তিনি শ্রমিক নিয়ে আগরগাছ কাটা শুরু করলে ইউএনও’র নির্দেশে স্থানীয় সহকারী ভুমি কর্মকর্তা আবুল কালাম আজাদ কেটে ফেলা আগর গাছগুলো জব্দ করে ইউপি মেম্বার ছওয়াব আলীর জিম্মায় রাখেন এবং অবশিষ্ট গাছ কাটতে নিষেধ করেন। কিন্তু ওই ব্যবসায়ী প্রশাসনের নির্দেশ অমান্য করে গাছ কাটা অব্যাহত রাখেন এবং রাতের আধারে ইউপি মেম্বারের জিম্মায় থাকা আগর গাছ চুরি করে নিয়ে যান। এ খবরে বৃহম্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা সরকারী আগরগাছ উদ্ধারের পর তা জব্দ করেন।

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নুরী রোববার রাতে জানান, বিনা অনুমতিতে কেউই সরকারী যেকোন ভুমির কোনধরণের গাছ কাটতে পারেন না। খবর পেয়ে কাটা আগরগাছগুলোর অংশ বিশেষ উদ্ধার করে বন বিভাগের রেঞ্জ অফিসে নিয়ে যান। অবশিষ্ট কাঠ স্থানীয় ইউপি মেম্বারের জিম্মায় রাখেন। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com