কমলগঞ্জে শিশু মেলার স্থান পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথেরটিলা মাঠে শিশু মেলার স্থান পরিবর্তন নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। সপ্তাহ আগে ইউনিয়নের বিভিন্ন স্থান পরিদর্শন শেষে সুন্দর ও মনোরম স্থান হিসাবে রথেরটিলা মাঠ নির্বাচন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই স্থান নির্ধারণ করে চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু মেলার ভেন্যু হিসাবে পোষ্ট রাখেন। তবে আকষ্মিকভাবে মেলার স্থান পরিবর্তন নিয়ে এলাকায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ওই স্থান নির্ধারণ করেন। পরে চেয়ারম্যান সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু মেলার ভেন্যু হিসাবে একটি পোষ্ট রাখেন। তাছাড়া ইউনিয়নের সুন্দর মনোরম স্থান হিসাবে রথেরটিলা মাঠে শিশু মেলা অনুষ্ঠান বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারনা শুরু হয়। এখানে মেলা আয়োজনের প্রাথমিক প্রস্তুতিও গ্রহণ করা হয়। পরে তিন চার দিন আগে স্থান পরিবর্তন করে মাইজগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেয়া হয়। এতে স্থানীয় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে উঠেন।মৌলভীবাজার জেলা তথ্য অফিস এর আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)” দুই দিনব্যাপী শিশু মেলার উদ্ধোধন হওয়ার কথা ছিল পতনউষারের শ্রীসূর্য্য রথেরটিলা মাঠ।
পতনউষারের রংধনু স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক বিমল দত্ত রিপনসহ স্থানীয় যুবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউএনও এবং চেয়ারম্যানসহ একটি প্রতিনিধি দল পুরো ইউনিয়ন ঘুরে রথেরটিলা মাঠ নির্বাচন করে দুই দিনের খেলা বন্ধ রাখতে বলেন এবং শিশু মেলার জন্য সকলের অংশগ্রহণেরও আহ্বান জানান। আমি দুইদিনের খেলাও বন্ধ রাখি। তবে আকষ্মিকভাবে এলাকার কাউকে না জানিয়ে শিশু মেলার স্থান পরিবর্তন করার মধ্যদিয়ে আমাদেরকে অপমানিত করা হয়েছে।
শ্রীসূর্য্য রথেরটিলা এলাকার বাসিন্দা মানিক মিয়া, আব্দুল খালিক, সাবেক ছাত্র নেতা কমরেড সিকান্দর আলী জানান, আমরা শুনেছি চেয়ারম্যান সাহেব এলাকার পরিবেশ ভালো নয়, এই অজুহাত দেখিয়ে স্থান পরিবর্তন করেছেন। এতে এলাকার মানুষকে হেয় করা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে।
তবে অভিযোগ বিষয়ে জেলা তথ্য অফিসের উপর দোষারূপ করে পতনউষার ইউপি চেয়ারম্যান তওফিক আহমদ বাবু বলেন, প্রথমে পতনঊষার উচ্চ বিদ্যালয় মাঠে শিশু মেলা হওয়ার কথা ছিল। তবে ইউএনও সাহেব শ্রীসূর্য্য রথেরটিলা মাঠ নির্বাচন করেন। হঠাৎ করে জেলা তথ্য অফিস ও শিশু বিষয়ক অধিদপ্তরের মৌলভীবাজারস্থ কর্মকর্তারা স্থান পরিবর্তন করেন। এতে এলাকার মানুষ আমাকে ভূল বুঝছেন। এখানে আমার কোন হাত নেই।
মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুছ ছাত্তার বলেন, আসলে শিশুদের উপস্থিতি ও সার্বিক বিষয় মিলিয়ে পতনউষার বাজারের মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভেন্যু পরিবর্তন করা হয়।



মন্তব্য করুন