অবৈধপথে ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশী যুবককে বিজিবির কাছে হস্তান্তর

February 8, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ\ ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী এক বাংলাদেশী যুবককে হস্তান্তর করেছে বিএসএফ।

৮ জানুয়ারী শনিবার সকাল ১১টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই বাংলাদেশী যুবককে মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করে। মাস খানেক আগে সিলেট অঞ্চলের একটি সীমান্ত দিয়ে সিলেট শাহপরান এলাকার সাদিক মাহমুদ (২২) নামের এক যুবক ভারতে প্রবেশ করেছিল। সে শাহপরান এলাকার মো. কুতুব উদ্দীনের ছেলে। সম্প্রতি ভারতীয় পুলিশের কাছে ধরা পড়ে কারাভোগ করে সে। শনিবার ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তের চাতলাপুর চেকপোষ্ট এলাকায় আনুষ্ঠানিক বৈঠক করে অবৈধভাবে ভারতে অনুপ্রেবেশকারী যুবক সাদিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

শরীফপুর বিজিবি সীমান্ত ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টায় চাতলাপুর চেকপোষ্টে বিজিবি ও বিএসএফর নিয়মিত সাপ্তাহিক বৈঠকের সময় ভারতে আটকা পড়া বাংলাদেশী যুবক সাদিক মাহমুদকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। চাতলাপুর বিজিবি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাংলাদেশী যুবক সাদিককে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

কুলাউড়া থানার ওসি ইয়ারদুস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে বিধি মোতাবেক সাদিক মাহমুদকে তার পরিবার সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com