কুলাউড়ায় বিভিন্ন স্থানে জীবানুনাশক ছিটাচ্ছে পৌরসভা

March 28, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে জীবানুনাশক স্প্রে ছিটাচ্ছে পৌরসভা কর্তৃপক্ষ। প্রায় জনমানবশূন্য শহরকে নিরাপদ রাখতে পৌরসভা ও ফায়ার সার্ভিসের উদ্যোগে এই জীবানুনাশক স্প্রে ছিঁটানো হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান কুলাউড়া পৌরসভার মেয়র মো. শফি আলম ইউনুছ।

শনিবার ২৮ মার্চ দুপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি বড় পানির ট্যাংকের মাধ্যমে এ জীবাণুনাশক ছিঁটানোর কার্যক্রম চলে শহরের প্রধান প্রধান সড়কসহ রেলস্টেশন প্রাঙ্গণে। এসময় তদারকিতে ছিলেন পৌর মেয়র মো. শফি আলম ইউনুছ, পৌর সচিব শরদিন্ধু রায়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলায়েত হোসেনসহ পৌর কাউন্সিলরবৃন্দ।

এর আগে বৃহস্পতিবার সকালে পৌরসভার সম্মুখ থেকে জীবানুনাশক স্প্রে ছিঁটানো কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদ ভবন, সরকারি সকল অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর, হাসপাতালের আইসোলেশন ইউনিট, হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টার, হাসপাতালের সম্মুখভাগ, কুলাউড়া থানা, রেলস্টশন প্রাঙ্গণ, শহরের প্রধান প্রধান মসজিদ প্রাঙ্গণ, বিপনী বিতান ও শহরের জনগুরুত্বপূর্ণস্থানে এই জীবানুনাশক স্প্রে ছিঁটানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান প্রমুখ।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন জানান, প্রতিদিন ৪৩০০ লিটার করে মোট ৮৬০০ লিটার জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটানো হচ্ছে।

কুলাউড়া পৌরসভার মেয়র মোঃ শফি আলম ইউনুছ বলেন, পৌরসভার পক্ষ থেকে শহরকে নিরাপদ রাখতে জীবানুনাশক ব্লিচিং পাউডার ছিঁটানো কার্যক্রম সবসময় অব্যাহত থাকবে। সপ্তাহে অন্ততো ৩-৪ দিন পৌর এলাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকাতে এ জীবাণুনাশক স্প্রে ছিঁটানো হবে। এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া পৌর জনসাধারণকে বাইরে ঘোরাফেরা না করার জন্য পৌরসভার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com