কমলগঞ্জে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

April 6, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে স্থানীয় এক আওয়ামীলীগের এক নেতাকে রাতে বাড়ি ফেরার পথে সংঘবন্ধ দুর্বৃত্ত চক্র হত্যা করেছে।

রোববার ৫ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ধলাই নদী সংলগ্ন খেলার মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি রামচন্দ্রপুর গ্রামের কৃষক আলতা মিয়া (৫৫)। তিনি রহিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সদস্য ছিলেন।

সোমবার ৬ এপ্রিল সকালে সরেজমিন গেলে নিহতের পরিবার সদস্য ও গ্রামবাসীরা জানান, গত রোববার রাত সাড়ে ১০টায় আলতা মিয়া মির্তিংগা চা বাগান থেকে বাড়ি ফেরার পথে তার বাড়ির অদূরে ধলাই নদীর তীরবর্তী ফুটবল মাঠ অতিক্রমকালে একদল দৃর্বৃত্ত অতর্কিতভাবে তাকে কুপিয়ে গুরুতর অবস্থায় ফেলে যায়। গ্রামবাসীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল হয়ে রাতেই সিলেট এম, এ, জি, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পর তার মৃত্যু হয়।

নিহত আলতা মিয়ার সন্তানরা বলেন, তাদের বাবার সাথে আওয়ামীলীগের একটি অংশের বিরোধ ছিল। তাছাড়া ধলাই নদীর বালু ঘাটের ইজারা নিয়ে ইজারাদারের সাথে একটি পক্ষের মামলা ছিল। সে মামলায় এ গ্রামের ফুল মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত ইব্রাহীম মিয়া আসামী ছিলেন। ডাকাত ইব্রাহীম মনে করতো তাদের বাবা (আলতা মিয়া) এ মামলায় তার নাম ঢুকিয়েছেন। এ নিয়ে ইব্রাহীম ও তার অনুসারীরা বেশ কিছু দিন ধরে তাদের বাবা (আলাতা মিয়াকে) হুমকি দিচ্ছিল। তারা মনে করেন ইব্রাহীমের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্রই এই হত্যাকান্ড ঘটিয়েছে। তারা আরও বলেন, মৃত্যুর আগে তাদের বাবা যারা তাকে কুপিয়েছে তাদের নাম প্রকাশ করে গেছেন। তারা হলো একই গ্রামের ফুল মিয়ার ছেলে ইব্রাহীম মিয়ার নেতৃত্বে ছমদু মিয়ার ছেলে খুরশেদ মিয়া, রোশন মিয়ার ছেলে জামাল মিয়া, জয়নাল মৃধার ছেলে আফজাল মৃধা ও মাহমুদ মিয়ার ছেলে বদরুল মিয়া।

গ্রামবাসীরা জানান, কয়েক বছর আগে এ গ্রামে আরও একটি খুন হয়েছিল। সে ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছিলেন আলতা মিয়া। সে হত্যকান্ডের এক আসামী পালিয়ে মধ্যপ্রাচ্যে চলে যায়। সেখান থেকে টাকা সহায়তা দিয়ে ইব্রাহীম ডাকাত ও তার সহযোগীদের দিয়ে রোববার রাতে আলতা মিয়াকে হত্যা করেছে বলে গ্রামবাসীরা মনে করেন।

১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বলেন, আওয়ামীলীগের একজন নিবেদিত সদস্য ছিলেন আলতা মিয়া। তিনিও মনে করেন ডাকাত ইব্রাহীমের নেতৃত্বে সংঘবদ্ধ চক্র এ ঘটনাটি ঘটিয়েছে। তিনি আরও বলেন, সিলেটে আলতা মিয়ার ময়না তদন্ত শেষে লাশ বিকেলে রামচন্দ্রপুর গ্রামে আসবে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান বলেন, তিনি সরেজমিন যাবেন। পুলিশ বিষয়টি দেখছে। নিহতের পরিবার থেকে মামলা দিলে তার আলোকে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com