কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পরিবার হোম কোয়ারেন্টাইনে

April 15, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত গাড়ি গ্রহণ করে ঢাকা থেকে ফেরার সময়  নিজের স্ত্রী ও দুই সন্তানকে ঢাকার মিরপুর থেকে আরেক লকডাউন এলাকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জের নিজ কর্মস্থলে নিয়ে আসলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম,  মাহবুবুল আলম ভূঁইয়া। নতুন সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকার লকডাউন এলাকা থেকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসায় স্ত্রী ও সন্তানদের নিয়ে আসায় স্থানীয় জনগনের মাঝে আতংক দেখা দিয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাদ্দকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়ি আনতে চালক মো. হানিফসহ ১৪ এপ্রিল মঙ্গলবার ভোরে ঢাকার উদ্দ্যেশে রওয়ানা হন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তিনি গাড়ি গ্রহন করে ঢাকার মিরপুর বাসায় গিয়ে নিজ স্ত্রী ও দুই সন্তানকে সাথে করে গাড়ি যোগে মঙ্গলবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারে উঠেন। বিষয়টি স্থানীয় কয়েকজনের দৃষ্টি গোচর হলে ব্যাপক ভাবে জানাজানি হয়। এতে স্থানীয়দের মাঝে আতংক দেখা দেয়। এ বিষয়ে জানতে চেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে একাধিক বার মোবাইলে ফোন দিলেও তিনি রিসিভ করেনি। এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহিদুল ইসলাম মঙ্গলবার রাত সাড়ে ১১টায় এ প্রতিনিধিকে  বলেন, তার জানা মতো স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরকারি বরাদ্দকৃত গাড়ি গ্রহন করতে ঢাকায় গিয়েছেন। সাথে করে স্ত্রী-সন্তান আনায় তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং গাড়ি চালককে কোয়ারান্টাইনে রাখার ব্যাপারে জানতে চাইলে  সিভিল সার্জন জানান, প্রয়োজনে নমুনা পরীক্ষা করে তাদেরকেও কোয়ারান্টাইেেন রাখা হবে। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, খবর পেয়ে তিনি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রী এবং সন্তানদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছেন। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চালকের বিষয়ে আপতত কোন সিদ্ধান্ত দিচ্ছেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com