কমলগঞ্জে ব্যাংকের পিয়নসহ আরও ৩ জন করোনা আক্রান্ত ॥ ৩টি বাড়ি লকডাউন

May 10, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একটি ব্যাংকের পিয়নসহ নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দুইজন বৃদ্ধ রয়েছেন। রাতেই উপজেলা প্রশাসন ৩টি বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন। এ নিয়ে কমলগঞ্জ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৭ জনে দাঁড়িয়েছে। তন্মেধ্যে মৃত একজন।

আক্রান্তরা হলেন সোনালী ব্যাংকের কমলগঞ্জ শাখার পিয়ন (৩৭), কমলগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের ধানসিড়ি আবাসিক এলাকার বৃদ্ধ (৬৫) ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের একজন বৃদ্ধ (৬০)। তিনজনের করোনা শনাক্তের সংবাদ পেয়ে  ৯ মে শনিবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক থানা পুলিশের সহযোগিতায় আক্রান্তদের বাড়িতে গিয়ে লকডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন এবং আক্রান্তদেরকে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রেখে সেবা প্রদান নিশ্চিত করেন। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১ মে সোনালী ব্যাংকের এক কর্মকর্তা ও এক নিরাপত্তাকর্মী আনসার সদস্য করোনা আক্রান্ত হওয়ার পর এ শাখার বাকি কর্মকর্তা ও কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। শনিবার ৯ মে রাত সাড়ে ১১টায় প্রাপ্ত রিপোর্ট দেখা যায় এই ব্যাংক শাখার এক পিয়ন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একইদিন কমলগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের ভানুগাছ বাজার সংলগ্ন ধানসিড়ি আবাসিক এলাকার এক বৃদ্ধ (৬৫) ও অন্যজন কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা গ্রামের এক বৃদ্ধ (৬০) করোনা আক্রান্ত হয়েছেন।

 শনিবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় মেডিকেল টিম ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরেজমিন করোনা ভাইরাস আক্রান্ত তিনজনের বাড়ি লকডাউন ঘোষণা করে লাল পতাকা টাঙিয়ে দেন। তাদেরকে বাড়িতে পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে। বাড়ির বাকি সদস্যদের হোম কোয়ান্টাইনে থাকতে বলা হয়েছে। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com