ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান এবং জরিমানা

স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের, মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্স এর সহযোগিতায় মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর হাট বাজার ও দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এই সময় ষ্টেশন রোড, বাগান রোড, শমসেরনগর বাজার, লামাবাজারসহ বিভিন্ন জায়গায় তদারকি করে ব্যবসায়ীদের সর্বনিম্ন লাভে পণ্য সামগ্রী বিক্রয় করার জন্য অনুরোধ করা হয়। ২৭ মে বুধবার উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণ ও উৎপাদন তারিখ না লেখা, মোড়কজাত বিধিমালা না মেনে পণ্য বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বাগান রোডে অবস্থিত কান্তা ষ্টোরকে ৫ শত টাকা, শ্রীহরি ষ্টোরকে ৩ হাজার টাকা, ষ্টেশন রোডে অবস্থিত আলম ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৫ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল এবং বিভিন্ন জাতের ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং কেউ যাতে খাদ্য মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে সেই ক্ষেত্রে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।



মন্তব্য করুন