কুলাউড়ায় জমি দখল নিতে সন্ত্রাসী হামলা ও অগ্নিসংযোগ

June 26, 2020,

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে একটি জমির দখল নিতে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। নিজেদের পৈত্রিক সম্পত্তিতে দীর্ঘদিন থেকে ভাগ বাটোয়ারা দ্বন্ধ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ মুজিবুর রহমান গং এর নেতৃত্বে প্রায় শতাধিক লোকজনের উপস্থিতিতে ওই হামলায় ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ, মালামাল লুট, বালু ও ইট দিয়ে দখলের চেষ্ঠা এবং দেশীয় অস্ত্র ধারা মারপিটও করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার ২৫ জুন দুপুরে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের বাসিন্দা সাইদ আহমদ নামের এক ব্যক্তি। এ ঘটনায় টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রাম ও হাজিপুর ইউনিয়নের হরিচকপুর গ্রামের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশঙ্কা করছেন অনেকেই। তবে প্রশাসনের পক্ষ থেকে উভয়পক্ষকে সংঘাতে না জড়াতে সর্তক থাকতে বলা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, টিলাগাঁও বাজার সংলগ্ন ব্রাহ্মণবাজার-শমসেরনগর আঞ্চলিক সড়কের পাশে একটি পৈত্রিক জমি নিয়ে হাজিপুর ইউনিয়নের হরিচকপুর গ্রামের মুজিবুর রহমানের সাথে টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামের মো. শুক্কুর আলীর গং দের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলমান রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে একাধিকবার সালিশি বৈঠকেও বিষয়টি সমাধান হয়নি। গত ২৩ জুন সকাল আটটার দিকে মুজিবুর রহমান গং দেশীয় অস্ত্র ও ভাড়াটে বাহিনী নিয়ে বিরোধপূর্ণ জমি দখল নিতে বসবাসকারীদের ওপর সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট করে। এতে বসবাসকারীর পক্ষের শুক্কুর আলীর স্ত্রী সুফিয়া বেগম, ছেলে নাহিদুল ইসলাম, রোশন মিয়ার স্ত্রী রুমি বেগম আহত হন। এসময় মুজিবুর রহমান সুফিয়া বেগমের শীলতাহানি করেন। হামলা শেষে জমিতে থাকা মালামাল রাখার ঘর অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়ে বালু ও ইট দিয়ে ঢেকে ফেলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শুক্কুর আলীর ছেলে সাইদ আহমদ ৮ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী সাইদ আহমদ জানান, আমার পিতার মৌড়সী সম্পত্তির অংশ থেকে আমার দাদী সাহারবান খাতুনের ২.৫৭ শতাংশ জমি প্রাপ্য হলেও তিনি গোপনে ৪ শতাংশ জমি তাঁর ছোট ছেলে আপ্তাব আলীকে দানপত্র করে দেন। এই জমি আবার গোপনে আপ্তাব আলী হাজিপুর ইউনিয়নের হরিচকপুর গ্রামের মুজিবুর রহমানের কাছে বিক্রয় করেন। এই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে জোরপূর্বক জমি দখল নিতে মুজিবুর রহমান গংরা আকস্মিক সন্ত্রাসী হামলা চালান।
মামলার বিবাদী মুজিবুর রহমানের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করাতে তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই কানাই লাল চক্রবর্তী বলেন, উভয়পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। একাধিক সালিশি বৈঠকে বিষয়টি সমাধান হয়নি। এছাড়া আদালতের একটি নিষেধাজ্ঞা রয়েছে বলে জেনেছি। আইনশৃঙ্খলার অবনিত ও সংঘাতে না জড়াতে উভয়পক্ষকে সতর্ক করা হয়েছে।
টিলাগাঁও ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মালিক জানান, হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে ছুটে যাই এবং প্রশাসনকে অবগত করি। এ ঘটনায় উভয়পক্ষকে আর কোন সংঘাতে না জড়ানোর জন্য বলেছি এবং বিষয়টি মীমাংসায় চেষ্টা চালাচ্ছি।
এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ইয়ারদৌস হাসান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তদন্তক্রমে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com