কুলাউড়ায় কক্ষের ভেতর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

July 9, 2020,

এইচ ডি রুবেল॥ কুলাউড়া থানা পুলিশ মুন্নি আক্তার (২৮) নামে এক গৃহবধুর লাশ বাসার ভেতর থেকে উদ্ধার করেছে। এ ঘটনার পর তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

বৃহস্পতিবার ৯ জুলাই দুপুরে কুলাউড়া গ্রাম এলাকা থেকে গৃহবধু মুন্নির লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নির স্বামী নাহিম মিয়া কুলাউড়ার এক কোম্পানির সেলসম্যান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী ও থানার এস আই রফিকুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাহিম মিয়া তার স্ত্রী মুন্নিকে নিয়ে কুলাউড়া গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন। দুপুর পর্যন্ত তাঁদের বাসার দরজা না খোলায় বাসার অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা কুলাউড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ওই বাসা থেকে গৃহবধু মুন্নির লাশ উদ্ধার করে।

পুলিশ বলছে, বাসায় মুন্নির স্বামী নাহিম মিয়াকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। বাসার দরজা বাহির থেকে আটকানো ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, গৃহবধু মুন্নির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কিভাবে সে মারা গেছে ময়নাতদন্তের পর জানা যাবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com