কমলগঞ্জে উপবৃত্তি নগদায়নে অতিরিক্ত টাকা আদায়: শিওরক্যাশের বিরুদ্ধে অভিভাবকদের ক্ষোভ

July 20, 2020,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ উত্তোলনে ‘শিওর ক্যাশ’ এজেন্টদের কাছে প্রতারিত হচ্ছে অভিভাবকরা। অভিযোগ, উপবৃত্তির টাকা নগদায়নকরণের সময় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্নস্থানে শিওরক্যাশ এজেন্টরা জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায় করছে। সোমবার এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করে শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো, সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় শিওরক্যাশ এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভিভাবকরা দাবি জানিয়েছেন।

আলাপকালে অভিভাবক নজরুল ইসলাম, আং সামাদ, শারমিন আক্তার ডলিসহ কয়েকজন অভিভাবক জানান, সকালে সিকদার এন্টারপ্রাইজে উপবৃত্তির ৪৫০ টাকা উত্তোলন করলে অতিরিক্ত ২০ টাকা রেখে ৪৩০ টাকা প্রদান করে। তাদের সাথে তর্কবিতর্ক করলে ১০ টাকা ফেরত দেয়।

কয়েকজন অভিভাবকদের কাছ থেকে অভিযোগ পেয়ে ২০ জুলাই সোমবার দুপুরে সরেজমিন পরিদর্শনে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের স্টেশন রোডস্থ শিওর ক্যাশ এজেন্ট জালাল সিকদারসহ কয়েকজন এজেন্ট ৪৫০ টাকা নগদায়ন করণের সময় অভিভাবকদের নিকট হতে ২০ টাকা করে জোরপূর্বক আদায় করছেন। এ ব্যাপারে জানতে চাইলে জালাল শিকদার বলেন, আমাদের কোন লাভ হয়না। এজন্য ২০ টাকা করে নিতেছি। পরে অবশ্য সাংবাদিকদের সামনে তিনি কয়েকজনের কাছ থেকে ১০ টাকা করে কেটে রাখেন।

উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার বলেন, শিওরক্যাশ নগদায়ন করতে কোন টাকা লাগে না। সরকার ক্যাশ আউটের খরচসহ দিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com