ওমানে উটের আঘাতে প্রাণ গেল কুলাউড়ার যুবকের

August 13, 2020,

স্টাফ রিপোর্টার॥ মধ্যপ্রাচ্যের ওমানে উটের আঘাতে (লাথিতে) ফয়াজ মিয়া (২৪) নামের এক বাংলাদেশী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ১২ আগস্ট বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের ইবরা শহরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ফয়াজ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান পরিবারের দু:খ গুচাতে সাড়ে তিন বছর আগে ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে চাকুরী করতেন। এছাড়াও তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এ সময় ফার্মের একটি উটের লাথিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে স্থানীয় প্রশাসন তার লাশ উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে যায়। ওখানের চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। ওমানে থাকা কয়েকজন বাংলাদেশী প্রবাসী তার এই মর্মান্তিক মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন তার লাশ দেশে পাঠাতে তারা সাধ্যানুযায়ী সহযোগিতা করবেন। এদিকে ফয়াজের আর্কষিক মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম। জয়চণ্ডী ইউনিয়েনর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শামীম আহমদ ওমানে ফয়াজের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন ফয়াজের স্বজনরা জানান মাথায় মারাত্মক জখমে তার মৃত্যু হয়েছে। শোকে কাতর পরিবার ও স্বজনরা ফয়াজের লাশের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। তার লাশ যাতে দেশে দ্রুত আনা যায় সে জন্য বাংলাদেশ সরকারের কাছে তারা আকুতি জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com