বড়লেখায় ইউপি মেম্বার বদরুল সাময়িক বরখাস্ত

October 21, 2020,

আব্দুর রব॥ বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড মেম্বার বদরুল আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বয়স্ক, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড জোরপূর্বক ছিনিয়ে নেয়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালনে বাধা প্রদান ও অসদাচরণের অভিযোগে সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ১৫ অক্টোবর প্রজ্ঞাপনে বলা হয়, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার কার্ড জোরপূর্বক ছিনিয়ে নেয়া ও সরকারি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব পালনে বাধা প্রদান এবং অসদাচরণের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে। তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয়। বদরুল আহমদ কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো। একই তারিখে পৃথক আরেকটি কারণ দর্শানো নোটিশে কেন তাকে চূড়ান্তভাবে ইউপি সদস্য পদ থেকে অপসারণ করা হবে না, তার জবাব পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে দিতে অনুরোধ করা হয়।

বড়লেখা ইউএনও মো. শামীম আল ইমরান ইউপি সদস্য বদরুল আহমেদকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঙ্গলবার ইউপি সদস্য নোটিশ গ্রহণ করেছেন। কেন তাকে চূড়ান্তভাবে পদ থেকে অপসারণ করা হবে না পত্র প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।’

জানা গেছে, ২০ জুলাই বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের মেম্বার বদরুল আহমেদের বিরুদ্ধে সমাজকর্মীকে লাঞ্ছিত করে ২০২ জন বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীর ভাতার বই ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এসময় সমাজসেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সাথেও তিনি অসদাচরণ করেন। এ ঘটনায় সমাজসেবা কর্মকর্তা ইউএনও বরাবরে লিখিত অভিযোগ দেন। ইউপি সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হওয়ায় জেলা প্রশাসক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com