বড়লেখায় প্রকৌশলী সাইফুর হত্যা  মামলায় ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

November 4, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় ডিপ্লোমা প্রকৌশলী সাইফুর রহমান হত্যা মামলায় ৩ আসামিকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলেন-উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আনছার আলীর ছেলে বাবলু আহমদ (২৫), জবলু হোসেন (২৪) ও কামাল হোসেনকে (২০)।

থানার ওসি (তদন্ত) রতন দেবনাথ বুধবার বিকেলে রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তা আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, ২৬ অক্টোবর সাইফুর রহমানের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পায় পুলিশ। এতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় ওইদিন নিহত সাইফুর রহমানের ছোট ভাই এমদাদুর রহমান থানায় মামলা করেন। মামলার পরই পুলিশ ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে মামলার আসামি বাবলু আহমদ, জবলু হোসেন ও কামাল হোসেনকে গ্রেফতার করে।

 উল্লেখ্য, ৩১ জুলাই বিকেলে উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের নিজ বাড়ি থেকে মেঝেতে শোয়ানো অবস্থায় সাইফুরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে সাফুরের মৃত্যু হয়েছে বলে প্রচার করা হলেও শরীরে নির্যাতনের চিহ্ন থাকায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইফুরের স্বজনরা। নিহত সাইফুর রহমান উপজেলার বর্ণি ইউনিয়নের আহমদপুর গ্রামের আব্দুল আহাদের ছেলে। তিনি সিলেট পলিটেকনিক্যাল কলেজ থেকে পাশ করা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com