মৌলভীবাজার জেলায় তাপমাত্রা কমতে শুরু করেছে : সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলার ৭টি উপজেলায় ক্রমশ তাপমাত্রা কমতে শুরু করেছে।
২৩ নভেম্বর সোমবার সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান, তাপমাত্রা ১১.৪ ডিগ্রিতে নেমে আসায় সারা জেলাজুড়ে শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে শ্রীমঙ্গল উপজেলার চা-বাগানগুলোতে শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে।
শীতের আগমনে দেশের অন্যতম পর্যটন জেলায় প্রকৃতির রূপ কিছুটা বদলে যাচ্ছে। গাছের পাতায় আর সবুজ ঘাসে জমছে শিশির কণা। শেষ রাতে ও ভোরে কুয়াশায় আচ্ছন্ন থাকছে চা-বাগানগুলো। হাকালুকি হাওর, বাইক্কা বিল, হাইল হাওর, বিভিন্ন ঝিল ও চা-বাগানের লেকগুলোতে শীতের পাখি আসতে শুরু করেছে।
বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি আব্দুস সোবহান চৌধুরী সোমবার দুপুরে বলেন, ‘শ্রীমঙ্গলের বাইক্কা বিলে অতিথি পাখি আসতে শুরু করেছে। শীত বাড়লে অতিথি পাখির আগমন ঘটবে আরও বেশি। তখন বাইক্কা বিল অতিথি পাখির কলতানে মুখর হয়ে উঠবে।’



মন্তব্য করুন