মৌলভীবাজার জেলা পরিষদ বো/মা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি প্রসঙ্গে জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমানের বক্তব্য

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনাকে একটি মিথ্যা, ভিত্তিহীন সংবাদ বলে দাবি করেছেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত এই হুমকির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশাসক মিজানুর রহমান মিজান বলেন, জেলা পরিষদ একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বা কোনো মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির যে কথাটি ছড়ানো হচ্ছে, তা সঠিক নয়।
তবে মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ করেন জেলা পরিষদের সিইও শামীমা খন্দকার।
মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকারের বক্তব্যে তার দাবি অনুযায়ী, বিল পরিশোধকে কেন্দ্র করে বিরোধের জেরে ঠিকাদার ও বিএনপি নেতা তোফায়েল আহমদ তুয়েল তাকে ও জেলা পরিষদকে এই ধরনের হুমকি প্রদান করেছেন।
প্রতিবেদকের এক প্রশ্নে সিইও শামিমা খন্দকার বলেন, জেলা পরিষদের প্রশাসক দায়িত্ব নেয়ার আগে বিএনপির নেতা তোফায়েল আহমেদ তুয়েল জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দিবেন বলেছিলেন’। একথা প্রসঙ্গে প্রতিবেদক বলেন, ‘আগে কেন আপনি জিডি করলেন না?’ তিনি প্রতিবেদককে বলেন, ‘আপনি অফিসে আসেন কথা বলব’।
বিল সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে সম্প্রতি জেলা পরিষদের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় ঠিকাদারদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে ঠিকাদার তোফায়েল আহমদ তুয়েল বলেন, ‘আমি এ ধরনের কোনো কথা বলিনি। জেলা পরিষদের অন্য কর্মচারীদের কাছে খোঁজ নিলেই বিষয়টি স্পষ্ট হবে।’ তিনি বিষয়টিকে বিভ্রান্তিকর বলে দাবি করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসন, স্থানীয় রাজনৈতিক মহল ও ঠিকাদারদের মাঝে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



মন্তব্য করুন