কুলাউড়ায় এতিম বাচ্চাদের খাবার পাঠালেন মৌলভীবাজারের পুলিশ সুপার

মাহফুজ শাকিল॥ কুলাউড়া উপজেলায় সদ্য প্রয়াত দিনমজুর আতিক মিয়ার অসহায় পরিবারের পাশে জেলা প্রশাসনের পর এবার এগিয়ে এসেছেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ পিপিএম-বার। প্রাথমিক সহযোগীতা হিসেবে ওই পরিবারের শিশুদের জন্য তিনি খাবার সামগ্রী পাঠালেন। এছাড়া আরো অনেকে ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার রাতে প্রকাশিত গনমাধ্যমে ‘আব্বা আল্লাহর বাড়ি গেছোইন, আমরার লাগি পোলাও লইয়া আইবা। শিরোনামে একটি মানবিক প্রতিবেদন প্রকাশিত হলে দেশ বিদেশে ব্যাপক আলোচিত হয়। ২৮ নভেম্বর শনিবার এই মানবিক প্রতিবেদনটি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহমদের নজরে আসে। এরপর তিনি তাঁর উদ্যোগে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার হিসেবে (১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি পেয়াজ, ৫ কেজি সয়াবিন তেল, ২ কেজি আলু, ৫ প্যাকেট বিরানী (পোলাও) প্রদান করেন।
শনিবার রাত সাড়ে ১০টায় জেলা পুলিশ সুপারের পক্ষে উপহার সামগ্রীগুলো কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় সদ্য প্রয়াত আতিক মিয়ার বাড়িতে পৌছে দেন। এসময় কুলাউড়া থানার এসআই আব্দুর রহিম জিবান, আতিক মিয়ার বড়ভাই এলাই মিয়া উপস্থিত ছিলেন। এসময় ওসি বিনয় ভূষণ রায় ওই পরিবারের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদানের আশ্বাস প্রদান করেন।



মন্তব্য করুন