আদালতের স্থিতাবস্থা ভঙ্গ করে স্থাপনা নির্মাণ, বাধা দেয়ায় মা-মেয়ের উপর হামলা

December 22, 2020,

আব্দুর রব॥ বড়লেখায় সহকারী জজ আদালতের (মৌলভীবাজার) স্থিতাবস্থার আদেশ অমান্য করে বিরোধীয় ভুমিতে প্রতিপক্ষের লোকজন পাকা ঘর নির্মাণ করছে। সোমবার দুপুরে নির্মাণ কাজে বাধা দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন মা নুরুন নাহার ও মেয়ে লায়লা খানম। এব্যাপারে আহত লায়লা খানম ২২ ডিসেম্বর মঙ্গলবার প্রতিপক্ষের ৫ জনের বিরুদ্ধে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিটিশন মামলা করেছেন।
জানা গেছে, উপজেলার সাতকরাকান্দি গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের কেছরীগুল মৌজার সাড়ে ৫১ শতাংশ ভুমি তার দ্বিতীয় স্ত্রী রুশনা বেগম ও ছেলে রাকায়েত ইমন রাহি, জয়নুল ইসলাম, কেফায়েত উল্লা মিটু জবর-দখলের চেষ্টা চালান। পৈত্রিক ভু-সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তায়ায় মৃত রিয়াজ উদ্দিনের প্রথম স্ত্রীর পক্ষের ছেলে শামীম আহমদ প্রতিপক্ষের (সৎভাই) জয়নুল ইসলাম গংদের বিরুদ্ধে মৌলভীবাজার সহকারী জজ আদালতে স্বত্ব মোকদ্দমা (নং-৩৪/২০২০) দায়ের করেন। বিজ্ঞ আদালত আগামী ৫ জানুয়ারী ২০২১ ইং ধার্য তারিখ পর্যন্ত বিরোধীয় ভুমির উপর স্থিতাবস্থা বজায় রাখার পরোয়ানা জারি করেন। কিন্তু বিবাদীরা আদালতের এ আদেশ অমান্য করে গত ২১ ডিসেম্বর উক্ত ভুমিতে পাকা দালান নির্মাণের কাজ শুরু করেন। স্বত্ব মামলার বাদী শামীম আহমদের মা নুরুন নাহার ও বোন লায়লা খানম নির্মাণ কাজে বাধা দেন। এসময় বিবাদী জয়নুল ইসলাম, রাকায়েত ইমন রাহি, কেফায়েত গংরা মা ও মেয়েকে লাটিসোটা দিয়ে হামলা চালায়। হামলার ঘটনায় আহত লায়লা খানম মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হামলাকারীদের বিরুদ্ধে পিটিশন করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com