কুলাউড়ায় পোস্টার লিফলেটে নির্বাচনী উত্তাপ

January 13, 2021,

আশরাফ আলী॥ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। কুলাউড়া পৌরসভা নির্বাচনের বাকী মাত্র ৪দিন। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র চলছে নির্বাচনী আলোচনা। নির্বাচনকে সামনে রেখে চারিদিকে সাঁজ সাঁজ রব। পছন্দের প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে ব্যাপক প্রচারণা। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে এবং দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হলে আধুনিক পৌরসভা গড়া ও সকল নাগরিক-সুবিধার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। উঠান বৈঠক, চা-চক্র ও কুশালাদি বিনিময়সহ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটাররাও দিচ্ছেন তাদের ভোটের প্রতিশ্রুতি।
কুলাউড়া পৌর শহর ঘুরে দেখা যায়, নির্বাচনকে ঘিরে শহর ছেয়ে গেছে পোস্টারে। শহরের বিভিন্ন পয়েন্ট, অলিগলি, পাড়া-মহল্লায় প্রার্থীদের সাদাকালো বিভিন্ন ডিজাইনের পোস্টার টাঙানো হয়েছে। পোস্টার ও লিফলেটে চলছে নির্বাচনী উত্তাপ। এছাড়াও মাইক দিয়ে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে।
কুলাউড়া শহরের অফিস, দোকানপাট, বাসা-বাড়িতে রয়েছে লিফলেট ও পোস্টারের ছড়াছড়ি। শহরের এমন কোনো সড়ক নেই যা রয়েছে পোস্টার ছাড়া। কার চেয়ে কে বেশি পোস্টার লাগাবে- তা নিয়ে যেন চলছে প্রতিযোগিতা। শহর জুড়ে লিফলেট ও পোস্টারের ছড়াছড়ি।
জানা যায়, ১৯৯৬ সালে ১২ ডিসেম্বর ১০.৫ বর্গ কিলোমিটার আয়তন ও ৯টি ওয়ার্ড নিয়ে কুলাউড়া পৌরসভা গঠিত হয়।
এধাপে নির্বাচন হবে ১৬ জানুয়ারী। এবারের নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতিকে অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, ধানের শীষ প্রতিকে সাবেক মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, নারিকেল গাছ প্রতিকে বর্তমান মেয়র শফি আলম ইউনুস এবং জগ প্রতিকে লড়ছেন শাজান মিয়া। এছাড়া কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৬ জন মোট ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৩নং ওয়ার্ডের ভোটার ফরিদ আহমদ বলেন, প্রতিদিন মাইক দিয়ে প্রার্থীদের পক্ষে প্রচারণা চলছে। এছাড়া পোস্টার দিয়ে পুরো শহর ঢেকে ফেলা হয়েছে।
৬ নং ওয়ার্ডের ভোটার সুমন আহমদ বলেন, বিদ্যুতের পিলার ও বিল্ডিংয়ে পোস্টার লাগানো হয়েছে। যার কারণে অনেক প্রতিষ্ঠানের নাম ঢেকে গেছে।
ভোটার আফতাব উদ্দিন বলেন, নির্বাচনকে ঘিরে আমেজ বিরাজ করছে। বিশেষ করে নৌকার প্রার্থীর পক্ষে প্রতিদিন মোটরসাইকেল দিয়ে শোডাউন হচ্ছে।
পৌরসভার ভোটার রুমেল আহমদ বলেন, যে প্রার্থী আমাদের জন্য কাজ করবে আমরা তাকেই ভোট দেব। তবে অধিকাংশ সময় নির্বাচিত হওয়ার পর নেতাদের খুঁজে পাওয়া যায় না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com