কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

স্টাফ রিপোর্টার॥ কুলাউড়া থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিনসহ ৩ জনকে আটক করা হয়েছে।
৯ মার্চ মঙ্গলবার বিকেলে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃত ৩ জন হলেন গাড়ির চালক আবু জাহের মিয়া (৩২), গাড়ির হেলপার মোঃ হেদায়েত শেখ (২৬) ও গাড়ির সুপারভাইজার মো. ইব্রাহিম (৩৬)।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে যাত্রীবাহী আল-মোবারাকা নামক বাস নিষিদ্ধ পলিথিন নিয়ে ঢাকা থেকে বিয়ানীবাজারে যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার সম্মুখে বাসের গতিরোধ করেন থানার এসআই মো. শাহীন হোসেন ও এসআই মাসুদ আলম ভূঁঞা। পরে গাড়িটি তল্লাশী করে ১ হাজার ২৫ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধারসহ গাড়ির চালক, হেলপার ও সুপারভাইজারকে আটক করা হয়। নিষিদ্ধ পলিথিন ও গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৩ জনের বিরুদ্ধে মামলা করে ১০ মার্চ বুধবার সকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য করুন