কুলাউড়ায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ৮ এপ্রিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ছকাপন রেল স্টেশনের মধ্যবর্তী স্থান থেকে এই লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি ঘটনাস্থল থেকে নিয়ে আসার পর থানায় না রেখে রেলওয়ে প্ল্যাটফর্মে রাখায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানুষের বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
বাবর চৌধুরী নামে একজন লিখেছেন ‘দেখুন লাশটাকে কিভাবে অযত্নে অবহেলায় মাটিতে ফেলে রাখা হয়েছে!
এটাই আমাদের সমাজের নিদারুণ বাস্তবতা? হোক না সে কুলি, মালি, পাগল ইত্যাদি। আরে ভাই আমরা তো সৃষ্টির সেরা জীব আর লাশটিও একটা মানুষের। কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন কর্তৃপক্ষের আরএনবি রেল পুলিশের মনুষ্যত্ব আজ কোথায়’? সুফিয়ান আহমদ নামে একজন লিখেছেন ‘মনে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশে আছি আমরা’। সুভাষ কায়রি নামে একজন লিখেছেন ‘এভাবে ফেলে রাখাটা অমানবিক। মানুষের মনূষ্যত্ব জ্ঞান দিন দিন লোপ পাচ্ছে’। আব্দুস শুকুর নামে একজন লিখেছেন ‘রেলওয়ে পুলিশ যাতে দ্রুত কার্যকর সমাধান করেন’। এরকম বিভিন্ন কথা লিখছেন নেটিজেনরা।
বিষয়টি জানতে কুলাউড়া রেলওয়ে থানার ওসিকে বারবার ফোন দেয়ার পরও তিনি ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।



মন্তব্য করুন