কুলাউড়ায় ৯টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্ত: জেলা চোর চক্রের ২ সদস্য আটক

কুলাউড়া প্রতিনিধি॥ কুলাউড়ায় চুরি হওয়া ৯টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ আন্ত:জেলা চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার ৭ মে সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। আটককৃতরা হল- জাহিদুল ইসলাম দিপু (৩৫) ও আজাদ মিয়া (২৭)।
পুলিশ জানায়, ১৮ এপ্রিল কুলাউড়া পৌরসভার উছলাপাড়াস্থ খানম প্লাজার ৩য় তলায় অবস্থিত একটি প্রাইভেট কোম্পানি থেকে ১২টি মোবাইল ও ১টি ল্যাপটপসহ প্রায় ২ লক্ষ ৫৫ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। পরে থানায় একটি চুরির মামলা দায়ের করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে তদন্ত করে বৃহস্পতিবার ৬ মে রাতে পৌরসভার জয়পাশা এলাকা থেকে দুই চোরকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই হওয়া ১২টি মোবাইলের মধ্যে ৯টি মোবাইল ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহিম জিবান।
আটককৃত দুই আসামিকে শুক্রবার দুপুরে মৌলভীবাজার কোর্টে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি বিনয় ভূষণ রায়।



মন্তব্য করুন