সাংবাদিক শাকিরের অকাল প্রয়াণ, কুলাউড়ায় শোকের ছায়া

August 8, 2021,

মাহফুজ শাকিল॥ হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৪ বছর বয়সেই মৃত্যুর কাছে হার মানলেন কুলাউড়ার তরুণ প্রতিভাবান সাংবাদিক শাকির আহমেদ। শুক্রবার (৬ আগস্ট) রাত ৯ টা ৪০ মিনিটে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর অকাল মৃত্যুতে সমগ্র জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কুলাউড়ার সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গণের প্রিয় মুখ শাকিরের মৃত্যুর সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহুর্তের মধ্যে চাউর হলে দেশ ও প্রবাসের তাঁর অসংখ্য শোভাকাঙ্খিরা ফেসবুকে পোস্ট করে শোক প্রকাশ করেন।
শনিবার দুপুর ২ টা ১৫ মিনিটের সময় বরমচাল মাধবপুর জামে মসজিদে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় নিজ কর্মস্থলে অবস্থানকালে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে কুলাউড়ায় ডাঃ নুরুল হকের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তারের পরামর্শে তাঁর ইসিজি করালে রিপোর্টে শারিরীক অবস্থার গুরুতর অবনতির লক্ষণ থাকায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাকির কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের মাধবপুর গ্রামের মোল্লাবাড়ির মৃত আব্দুস শহিদের বড় ছেলে। মৃত্যুকালে শাকির ৪ বছরের এক ছেলে গুঞ্জর, স্ত্রী, মাতা, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রেসক্লাব কুলাউড়ার নির্বাহী সদস্য ও কুলাউড়া সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমৃত্যু। প্রায় একদশক আগে কুলাউড়ায় সাংবাকিদতা শুরু করেন শাকির। বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন দৈনিক আমাদের অর্থনীতি, দৈনিক জাগরণ, দৈনিক দেশ, দৈনিক সিলেট সুরমার কুলাউড়া প্রতিনিধি ও সীমান্তের ডাকের স্টাফ রিপোর্টার হিসেবে।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক নয়া শতাব্দীর মৌলভীবাজার জেলা প্রতিনিধি, বাংলাদেশ টুডের কুলাউড়া প্রতিনিধি, দৈনিক যুগভেরী ও অনলাইন পোর্টাল সিলেট ভিউ’র স্টাফ রিপোর্টার ও কুলাউড়া টাইমস নিউজ নেটওয়ার্কের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি কুলাউড়ার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর বিচরন। তিনি উদীচী শিল্পী গোষ্টি কুলাউড়ার শাখার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
বিভিন্ন মহলের শোক প্রকাশ :
সাংবাদিক শাকির আহমদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খাঁন, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, কুলাউড়া পৌরসভা মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ ও ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। মৌলভীবাজার জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব কুলাউড়া, কুলাউড়া সাংবাদিক সমিতি ও কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এছাড়া শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, ওসি বিনয় ভূষণ রায়, ডা. নুরুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com