চা বাগান কর্তৃপক্ষের থানায় জিডি
স্টাফ রিপোর্টার॥ ন্যূনতম দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের উত্তেজনাকর পরিস্থিতিতে শ্রীমঙ্গলের চারটি চা–বাগানের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডিতে শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা–পাতা নষ্ট হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
জিডি থেকে জানা যায়, মজুরি বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক ধর্মঘটের কারণে কাঁচা চা পাতা নষ্ট হচ্ছে। ধর্মঘটের কারণে রাজঘাট চা–বাগানের ১ লাখ ৪৮ হাজার ৭৩৫ কেজি, ডিনস্টন চা কারখানায় ৯৯ হাজার ২৫০ কেজি, বালিশিরা চা কারখানায় ৫০ হাজার ২০৭ কেজি, আমরাইল চা কারখানায় ৫ হাজার ৬৮৩ কেজি কাঁচা চা–পাতা নষ্ট হয়ে গেছে। শ্রমিকেরা ধর্মঘট ডেকে কাজ বন্ধ রাখায় উত্তোলিত চা–পাতা প্রক্রিয়াজাত করা যাচ্ছে না। তাই এই কাঁচা পাতাগুলো কারখানায় থেকে নষ্ট হচ্ছে এবং এতে তাঁদের কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, শ্রীমঙ্গলের রাজঘাট চা–বাগান, ডিনস্টন চা–বাগান, আমরাইল ছড়া চা–বাগান ও বালিশিরা চা বাগান এই চারটি বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা বাদী হয়ে গতকাল রাতে আলাদাভাবে সাধারণ ডায়েরি করেছেন। বিষয়গুলো তদন্ত করে দেখা হবে।



মন্তব্য করুন