শ্রীমঙ্গলে টিলা ধ্বসে ৪ চা শ্রমিক নিহত ॥ আহত এক কিশোরী

August 21, 2022,

বিকুল চক্রবর্তী॥ আট মাসের শিশু তুষার ভৌমিজ মায়ের বুকের দুধ ছাড়া সে অন্য কিছু খেতে চায়না। মায়ের বুকের দুধই তার মুল খাবার। মা কাজে যাওয়ায় সকাল থেকেই সে কিছু খায়নি। খাওয়ার জন্য কান্না করলে তার নানী তাকে কুলে নিয়ে লবন দিয়ে খালি ভাত খাওয়ানো চেষ্টা করছেন। আর পত্রবধুর জন্য বিলাপ করছেন।  শিশুটি বাবা মিঠুন ভৌমিজ খাটের পাশে সূখে পাথর হয়ে বসে আছেন।

মিঠুন জানান, তিনি সকালে বাড়ির বাহিরে যান। যাওয়ার সময় স্ত্রী রীনা ভৌমিজকে বলে যান তৈরী থাকতে রাজঘাটে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর অনুষ্ঠানে নিয়ে যাবেন। কিন্তু ঈশ^র তার স্ত্রীকে একে বারেই তাঁর কাছে নিয়েগেছেন। এ কথাগুলো বলে মুর্ছা যাচ্ছিলেন রীনার স্বামী মিঠুন ভৌমিজ।  এসময় রীনার একমাত্র পুত্র সন্তান তুষারকে কুলে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার শাশুরী। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের উড়িষা টিলায় টিলা ধ্বসে মাটি চাপা পড়ে মারা যাওয়া ৪ চা শ্রমিকের একজন এই রীনা ভৌমিজ (২০)।  রীনার সাথে মারা যান তার আরো দুই জা পূনীমা ভৌমিজ (২৫), হীরা ভৌমিজ (৩০) ও পাশের বাড়ির রাধা মাহালী (৪৫)।

এ ঘটনায় আহত হয়েছেন আরো এক কিশোরী অঞ্জনা ভৌমিজ । নিহতদের পরিবারে ও লাখাইছড়া চা বাগান জুড়ে  বইছে শোকের মাতম।

কালিঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালা জানান,  সামনে দুর্গাপূজা আর এই পূজাকে সামনে রেখে চা বাগানের নারীরা  লাল, সাদা বিভিন্ন রকমের মাটি সংগ্রহ করে ঘর ও উঠান লেপন করেন। চা বাগানে ধর্মঘট থাকায় বাগানে ছিলোনা কাজ এই সুযোগে শুক্রবার সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল লাখাইছড়া চা বাগানের জঙ্গী টিলার এই নারী চা শ্রমিকরা  পাশবর্তী উড়িষা টিলার নিচ থেকে মাটি সংগ্রহে যান। মাটি কেটে নিতে নিতে ওই টিলার নিচের দিকে কিছু অংশ ভিতরের দিকে ঢোকে যায়।

বেলা সাড়ে ১১টার দিকে ওই অংশ থেকে তারা মাটি সংগ্রহের সময় হঠাৎ উপর থেকে মাটি ধ্বসে পড়ে। চারজন মাটির নিচে পুরোপুরি চাপা পড়েন আর কোমর পর্যন্ত মাটি চাপা থাকেন কিশোরী অঞ্জনা ভৌমিজ। এ সময় অঞ্জনা চিৎকার দিলে বাগানের লোকজন এগিয়ে যায় এবং মাটি চাপা থেকে সবাইকে উদ্ধার করে ৪ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তবে অঞ্জনা এখন সুস্থ আছেন।

বেঁচে যাওয়া কিশোরী অঞ্জনা ভৌমিজ জানান,  উঠান লেপার জন্য তারা ৫জন মিলে সেখানে মাটি আনতে যান।

কিছু মাটি কুঁড়ার পর হঠাৎ  টিলার উপর থেকে বড় এক চাকা মাটি ধ্বসে পড়ে। তার সাথে থাকা বাকি চারজন মাটির নিচে চাপা পড়ে যান। আর তার কোমর পর্যন্ত মাটির নিচে চাপা পড়েন। এ সময় তিনি তাদের সাহায্য করতে আশে পাশের লোকদের ডাকদেন। বাগানের লোকজন এসে কোদাল দিয়ে মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন।

এদিকে ঘটনার পর পরই স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, চা বাগান কর্তৃপক্ষ, শ্রীমঙ্গল থানা পুলিশ ও ফায়ার সাভিসের রোকজন  ঘটনাস্থলে যান।

এ ঘটনায় চা বাগানের পক্ষ থেকে ৪টি পরিবারকে নগদ ১০ হাজার করে ৪০ হাজার টাকা দেয়া হয়। এছাড়াও স্থানীয় সদস্য সদস্য উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি পিএইচডি তাদেরকে আরো ২০ হাজার টাকা সহায়তা করেন।

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানা পরিদর্শন তদন্ত হুমায়ুন কবির জানান, আইনি কার্যক্রম সম্পাদন করে তাদের পরিবারের কাছে মৃত দেহ পৌছে দেয়া হবে।

সরজমিনে দেখা যায় লাখাই ছড়া চা বাগানে শতাধিক পরিবার টিলার উপরে বসবাস করছেন এর মধ্যে কিছু পরিবার অধিক ঝুঁকি নিয়ে বসবাস করছেন। যে টিলা ধ্বস হয়েছে সেই টিলায়ও বেশ কয়েকটি পরিবার বসবাস করে।

এ বিষয়ে সচেতনতার প্রয়োজন জানিয়ে সংসদ সদস্য  চা বাগান কর্তৃপক্ষকে অনুরোধ করেন টিলার উপর থেকে ঝুঁকিপূর্ণ বসত গৃহ সরিয়ে এনে নিরাপদ স্থানে গৃহ নির্মান করে দিতে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com