শ্রীমঙ্গলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের গণ অনশন

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারি দলের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় সেগুলো বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দিনব্যাপী গণ অনশন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শনিবার ২২ অক্টোবর সকাল থেকে শহরের সার্বজনীন দুর্গা বাড়িতে অনশণ শুরু হয়। সেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে গণ অনশনে যোগ দেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দ্বীজেন্দ্র লাল রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সমীরন সরকারের সঞ্জালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. সত্যকাম চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় প্রমুখ।
এসময় অনশনে নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে নির্বাচনের আগে নিজ থেকেই সংখ্যালঘুদের জন্য ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিলো সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্যবিলোপান আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তির পত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ইত্যাদি।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়ে সেই প্রতিশ্রুতি তারা ভুলে গেছে। আমরা সরকারকে তার সেই প্রতিশ্রুতি মনে করিয়ে দিতেই আজকের গণ অনশণ করছি। আশা করছি সরকার দ্রুততম সময়ের মধ্যে তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তারা বলেন তা না হলে পরবর্তীতে বৃহত আন্দোলনে যাবো আমরা।



মন্তব্য করুন