২২ ডিসেম্বর থেকে শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্য মেলা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে দিনব্যাপী তথ্য মেলা আগামী ২২ ডিসেম্বর বৃহস্পতিবার শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ শ্রীমঙ্গল অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। উপজেলা প্রশাসন শ্রীমঙ্গল ও সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে হবিগঞ্জ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল-এর সহযোগিতায় দিনব্যাপী মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য মেলা উদ্বোধন করবেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া মধু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসাইন সরদারসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তা ও নানা শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠিতব্য দিনব্যাপী তথ্য মেলায় র্যালী, আলোচনা সভা, প্রাতিষ্ঠানিক তথ্যভান্ডার উপস্থাপন, তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক প্রশিক্ষণ, তথ্য চেয়ে আবেদন, কার্টুন প্রদর্শনী এবং দুর্নীতিবিরোধী স্বাক্ষর সংগ্রহ অভিযানের আয়োজন করা হয়েছে বলে জানান টিআইবি শ্রীমঙ্গলের এরিয়া কো-অর্ডিনটর-সিই পারভেজ কৈরি।
তিনি আরো জানান-বৃহস্পতিবার ২২ ডিসেম্বর সকাল সাড়ে দশটায় দুর্নীতিবিরোধী র্যালী, সকাল এগারোটায় তথ্য মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন, সকাল সাড়ে এগারোটায় ‘স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা, বেলা বারোটায় প্রাতিষ্ঠানিক তথ্যভা-ার উপস্থাপন ও প্রশ্নোত্তর এবং বিকাল পাঁচটায় মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহকে সনদ প্রদান, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। ‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের তথ্য মেলার আয়োজন।
মেলায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি ২৯টি প্রতিষ্ঠান তাদের সেবাসম্পর্কিত তথ্য মেলায় আগত দর্শনার্থীদের জানাবেন। সনাক-এর ইয়েস সদস্যগণ মেলায় দর্শনার্থীদেরকে তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ করা শেখাবেন এবং তথ্য প্রাপ্তিতে সহায়তাসহ আগ্রহীগণ মেলায় এসে সরাসরি আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন বলে সংগঠন সুত্রে জানা যায়। ছাড়া মেলায় কার্টুন প্রদর্শনী দিনব্যাপী সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও জানা যায়।
তথ্য মেলায় সবার সবান্ধব উপস্থিতি কামনা করে জনগণের তথ্য জানার অধিকার ও দুর্নীতিমুক্ত স্বদেশ গঠনের সর্বাত্মক প্রয়াাসকে ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।



মন্তব্য করুন