চা বাগানে পানি সংকটে অনেক শ্রমিক মল ত্যাগ করেন শেকশনে

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের ৯২টি চা বাগানে রয়েছে নিরাপদ খাবার পানি সংকট, স্যানিটেশন ব্যবস্থাও নাজুক। এর বর্তমান চিত্র বিশ্লেষণ ও করনীয় বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ে দু’দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সভায় চা শ্রমিকদের বক্তব্য থেকে উঠে আসে পানির সংকটের কারনে এখনো অনেক শ্রমিক তাদের মল ত্যাগের কাজটি শেকশনেই বা প্রাকৃতিক পরিবেশে করে থাকেন।
বুধবার ২১ ডিসেম্বর সকালে আইডিয়ার উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হলে চা বাগান শ্রমিক, চা শ্রমিক নেতা, চা বাগান এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী, উন্নয়নকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে মঙ্গলবার ২০ ডিসেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসক কনফারেন্স হলে একই বিষয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী আরো একটি কর্মশালা। এ বিষয়ে বিশেষ বক্তব্য উপস্থাপন করেন ওয়াটার এইড’র এডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ ও আইডিয়া ওয়াসের ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদার।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন অতিরিক্ত সচিব মোঃ শফিকুল ইসলাম, ওয়াটার এইড’র এডভোকেসি স্পেশালিস্ট পরিচালক পার্থ হেফাজ শেখ ও ওয়াটার এইড এর প্রোগ্রাম ম্যানেজার ইমামুর রহমান। মৌলভীবাজারে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও শ্রীমঙ্গলে এর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়।
ওয়াটার এইড এর এডভোকেসি স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ জানান, এ সব কর্মশালায় উঠে আসে চা বাগান এলাকায় পানির সংকটের বিষয়টি। যার ফলে চা বাগানের বেশ কিছু মানুষ এখনও চারা বাড়িতে টয়লেট সারেন। গোসলসহ অনান্য কাজেও তারা সীমিত আকারে পানি ব্যবহার করেন। এই অবস্থায় সমন্বিত উদ্যোগ জরুরী।
চা বাগানের জনপ্রতিনিধিরা বলেন, এর জন্য প্রয়োজন চা বাগানের জন্য সরকারের বিশেষ বরাদ্দ। শ্রীমঙ্গল রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চা শ্রমিক নেতা বিজয় বুনাজী, ইউপি সদস্য সেলিম হক জানান, চা বাগান পাহারি এলাকায়। উপরে পানির সংকট রয়েছে। এখানে বিশেষ ব্যবস্থায় কাজ করতে হলে বাজেট একটু বেশি লাগবে। ফলে চা বাগান এলাকায় সরকারের স্যানিটেশন কার্যক্রমে অধিক গুরুত্ব দিতে হবে।
কর্মশালায় আগামী অর্থবছরে স্যানিটেশন বিষয়ে ব্যায় এর বাজেট নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি স্ব স্ব ইউনিয়নে অতিদরিদ্র জনগোষ্ঠী চিহ্নিত করে তাদের নিরাপদ পানির ব্যবস্থা প্রনয়নে সর্বাগ্রে ব্যবস্থা গ্রহনের উপর জোর দেয়া হয়।



মন্তব্য করুন