শ্রীমঙ্গলে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

March 7, 2023,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ কুখ্যাত ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার ৬ মার্চ গভীর রাতে মির্জাপুর ইউনিয়ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন পারভেজ মিয়া (৩০), মোঃ চান মিয়া (২৮)। আটককৃত পারভেজ মিয়া মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের দিশালোক গ্রামের রাজা মিয়ার ছেলে। চান মিয়া শ্রীমঙ্গল উপজেলার ছাত্রাবট গ্রামের মৃত আমির আলির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশি করলে তাদের দুজনের হেফাজত থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, আটককৃত দুইজনই এলাকায় কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com