দেশের স্বার্থের বিরু/দ্ধে আমরা কোন কিছুতে হ্যাঁ বলবো না-জামায়াতের আমির ডা: শফিকুর রহমান

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, মানবিক করিডোর নো, বন্দর নো, দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোন কিছুতে হ্যা বলবো না, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানে নো বলবো।
করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডোরের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করতে হবে।
তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দিবে। কেউ বলবেনা তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।
তিনি রোববার ২৫ এপ্রিল দুপুরে কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ডা: শফিকুর রহমান আরও বলেন, এই দেশে সকল নাগরিক সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে অন্যান্য নাগরিকদের মতো সমানভাবে নিতে হবে। তারা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আমরা যদি জনগণের ভোটে দায়িত্ব পাই, তাহলে তাদের সম্মানের সঙ্গে বসবাস নিশ্চিত করব। তাদের সন্তানদের প্রতিভার বিকাশে পাশে থাকব।
তিনি আরও বলেন, চা শ্রমিকদের শিক্ষিত করে আধুনিক বাগান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত করার চিন্তা আমাদের রয়েছে। ধর্মের ভিত্তিতে আমরা কাউকে বিবেচনা করি না। আমরা একটি বন্ধুপ্রতিম সমাজ গড়তে চাই। চা শ্রমিকদের উদ্দেশে বলতে চাই- আপনার ডাক দিতে সময় লাগবে, কিন্তু আমাদের পৌঁছাতে সময় লাগবে না। আমরা সবাই এই দেশের মালিক।
মতবিনিময় সভা কুলাউড়া উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলী, কুলাউড়া উপজেলা জামায়াতের সাবেক আমির খন্দকার আব্দুস সোবহান ও প্রভাষক হামিদ খান, বর্তমান সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা।
চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় ছাড়াও ডা. শফিকুর রহমান দিনব্যাপী বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নেন।



মন্তব্য করুন