মৌলভীবাজারে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস

September 12, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে তিন জেলার মোহনা শেরপুরে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস ও আনন্দের মধ্যেদিয়ে অনুষ্ঠিত হয়েছে। বর্ণিল দৃষ্টিনন্দন নৌকা বাইচ দেখতে নদীর দু’তীরে জোড়ো হন লাখো মানুষ। বাইচে নৌকার মাঝি মাল্লার প্রাণপন বৈঠার টান নাড়া দেয় দর্শকদের মধ্যে আনন্দের অনুভূতি। আর নৌকার গলুইয়ে গায়েনের ঐতিহ্যের গান ও নানা অঙ্গভঙ্গি দর্শনার্থীর দেয় অন্যরকম আনন্দ।
প্রতিবছরের ন্যায় এ বছরও গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা কুশিয়ারা অনুষ্ঠিত হয়েছে। ঢোল ও তবলার তাল, আর বৈঠার স্পন্দনে মূহুর্মূহু তরঙ্গে কুশিয়ারা নদীর দু’তীরের দর্শকের মনে আনন্দের ঢেউ তোলে।
শুক্রবার ১২ সেপ্টেম্বর ছুটির দিনে সদর উপজেলার কুশিয়ারা নদীর আলীপুর এলাকা থেকে শেরপর লঞ্চঘাট পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দূরত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ হবিগঞ্জ থেকে ১৩টি নৌকা অংশ নেয়। বর্ণিল এ বাইচে নদীর দু’পাড়ে উৎসুক জনতার ভিড় ছিল লক্ষণীয়। শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে যায়।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর দু’তীরে জোড়ো হন লাখো মানুষ। নৌকার দুই পাশে মাঝি মাল্লারা নিজেকে বিজয়ী করতে বাইচের ঐতিহ্যবাহী গীত ও বৈঠার স্পন্দন একসাথে চালিয়ে যান। ওই দৃশ্য দর্শনার্থীর মনে সৃষ্টি হয় এক অনন্য আনন্দের ঢেউ।
বাইচের প্রতিটি নৌকার আকর্ষণীয় নাম, রঙ আর মাঝি-মাল্লার দৃষ্টি নন্দন পোশাক ছিল আলাদা। চেনা সুরের গানের তালে মাঝি-মাল্লার চলে বৈঠার স্পন্দন।
হামরকোনা নৌকা বাইচ পরিচালনা কমিটির সভাপতি মো: কর্নেল আহমদ জানান, মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নৌকা অংশ নেয়। বাইচে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করার জন্য উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। তবে পৃষ্টপোষকতা পেলে আরও বড় পরিসরে এই নৌকা বাইচের আয়োজন আগামীতে করতে চান।
অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষনা করা হয়। নৌকা বাইচ প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড শেষে সন্ধ্যা ৬ টার দিকে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান।
এদিকে মৌলভীবাজার জেলার শেরপুরের হামরকোনা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ১৩ টি নৌকা অংশ নেয়। অংশগ্রহনকারী নৌকার মধ্যে ৪টি নৌকাকে বিজয়ী ঘোষনা করা হয়।
কর্নেল আহমদের সভাপতিত্বে ও মুদরত আহমদ ও সাজন আহমদের যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম মুকিত, বদরুল আলম, ফখরুল ইসলাম, বকসী মিছবাহ উর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর সোহান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ প্রমুখ।
নৌকা বাইচে প্রথম পুরষ্কার (মটর সাইকেল) অর্জন করে নবীগঞ্জের বাগাউড়ার মহরমের তরী এবং নবীগঞ্জের গুতগাও এর তরী ২য় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে। তাছাড়া তৃতীয় পুরস্কার (ফ্রিজ) অর্জন করে কানাইশাহর তরী ও চতুর্থ পুরষ্কার (এলইডি টিভি) ইব্রাহিম শাহ’র তরী অর্জন করে ।
দিনের আলো যখন নিভে আসতে থাকে ঠিক তখনি ফাইনাল রাউন্ডে বাইচ শুরু হয়। এসময় নদীর দু’পাড়ের হাজারো দর্শক মুঠোফোনে বাইচের দৃশ্য ধারণ করেন। নৌকা বাইচ প্রতিযোগীতা দুপুর আড়াইটা থেকে শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com