জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতায় ১ম স্থান অর্জন করেছে ঐশী নন্দী

পলি রানী দেবনাথ : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা-২০২৬ এ ১ম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের মেয়ে ঐশী নন্দী।
১৬ জুন ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন প্রতিযোগীর মধ্যে বিষয়ভিত্তিক কুইজ (ইংরেজি) বিভাগে ১ম স্থান এবং উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অর্জন করে সে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ঐশী নন্দী মৌলভীবাজার সদর উপজেলার গির্জাপাড়া এলাকার সুচনা নন্দী ও রতন নন্দীর মেয়ে। সে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী। ঐশী প্রথমে পৌরসভা, এরপর উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। জাতীয় পর্যায়েও নিজের সাফল্য ধরে রেখে ইংরেজি কুইজে ১ম এবং উপস্থিত বক্তৃতায় ২য় স্থান অর্জন করে।
রেডিও পল্লীকণ্ঠের পক্ষ থেকে ২১ জুন রবিবার ঐশী নন্দীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস, সহকারী শিক্ষক আখলাকুল আম্বিয়া চৌধুরী, কল্যাণী ভট্টাচার্য, তানিয়া রশীদ, গুলশান আরা বেগম, মৌসুমী ইয়াসমীন, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো: মেহেদী হাসান এবং প্রোগ্রাম প্রডিউসার আল-আমীন।
ঐশীর মা সুচনা নন্দী বলেন, ঐশীর এই সাফল্যে আমরা খুবই আনন্দিত ও গর্বিত। তার পরিশ্রম, শিক্ষকদের সহযোগিতা এবং সবার আশীর্বাদে সে জাতীয় পর্যায়ে ১ম হতে পেরেছে। আমি চাই ঐশী ভবিষ্যতেও ভালো কিছু করুক এবং সবার মুখ উজ্জ্বল করুক।
শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বতী দাস বলেন, ঐশীর এই অর্জনে আমরা খুবই আনন্দিত। সে আমাদের বিদ্যালয়ের গর্ব। তার চেষ্টা ও পরিশ্রমের কারণেই আজ সে এই সাফল্য পেয়েছে। আমরা তার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।



মন্তব্য করুন