বড়লেখায় বণিক সমিতি নির্বাচনে ব্যবসায়ী ফখরুল ইসলামের সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা

আব্দুর রব : বড়লেখা উপজেলা সদর ও পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আসন্ন বণিক সমিতির পরিচালনা কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগি ফখরুল ইসলাম পারুল।
শনিবার ২০ জুন বিকেলে পৌর শহরের ইয়াম্মী রেস্টুরেন্টে বড়লেখা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। সভাপতি পদপ্রার্থী ফখরুল ইসলাম পারুল বড়লেখা হাজীগঞ্জ বাজারের মেসার্স আদনান বিল্ডিং মেটারিয়ালস এর স্বত্তাধিকারি। আগামি আগষ্টে ব্যবসায়ি সমিতির নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে উপজেলা ও পৌরপ্রশাসন গঠিত আহ্বায়ক কমিটি।
মতবিনিময় সভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাজীগঞ্জ বাজারে ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফেরার পর বাজারের ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীরা আসন্ন হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচনে তাকে সভাপতি পদে প্রার্থী হওয়ার আহ্বান জানান। তাদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি সভাপতি পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ব্যবসায়ি ফখরুল ইসলাম পারুল আরো বলেন, দীর্ঘদিন ধরে হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচন হয়নি। প্রায় ১৭ বছর ধরে চলছে অভিভাবকহীন। দীর্ঘদিনে বিভিন্ন সমস্যার জট বাধলে তা নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি নির্বাচিত হলে ব্যবসায়ী, উপজেলা প্রশাসন, পৌরপ্রশাসন সংশ্লিষ্টদের পরামর্শক্রমে বাজারের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেবেন। ব্যবসায়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও ভোক্তার নিরাপত্তা, বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলাকে অগ্রাধিকার দেবেন। উল্লেখ্য হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভোটার সংখ্যা (ব্যবসায়ি) তিন সহস্রাধিক।
মতবিনিময় সভায় তাকে সমর্থন জানিয়ে বক্তব্য দেন হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ি মো. নাজমুল হক, মো. জুনেদ আহমদ, মো. নূর-এ আলম কামরান, শামীম আহমদ, হানিফ পারভেজ প্রমুখ।



মন্তব্য করুন