স্বর্ণ কিনতে ২২ ক্যারেট, বিক্রিতে ২০ ক্যারেট, স্বর্ণ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ২২ ক্যারেট স্বর্ণ কিনে একই দোকানে বিক্রি করতে গিয়ে ওই স্বর্ণ ২০ ক্যারেট হয়ে যাওয়ায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সাইফুর রহমান রোডস্থ রতন জুয়েলার্স থেকে স্বর্ণের অলংকার কিনেন মো: আব্দুল আলী। পরবর্তীতে আব্দুল আলীর টাকার প্রয়োজনে ওই ২২ ক্যারেট স্বর্ণের অলংকার একই প্রতিষ্ঠান রতন জুয়েলার্স এ বিক্রি করতে গেলে, রতন জুয়েলার্স সেগুলো কম ক্যারেটের দামে কিনতে চান। পরীক্ষা করে বিক্রিত ২২ ক্যারেটের স্বর্ণের অলংকার ২০ ক্যারেট এবং ২১ ক্যারেট পাওয়া যায় এমনই লিখিত অভিযোগে ২৮ জুন তৃতীয় শুনানীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অফিস কক্ষে রতন জুয়েলার্সকে দোষী স্বাব্যস্থ করে ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে আদেশ প্রদান করা হয় বর্তমান বাজার মূল্যে বিক্রিত স্বর্ণের অলংকারগুলো ২২ ক্যারেটের দামে কিনে নেওয়ার জন্য। উক্ত জরিমানা এবং আদেশ প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন।
এছাড়াও আইন অনুসারে জরিমানার ৫০,০০০/- এর ২৫%=১২,৫০০/- লিখিত অভিযোগকারী আব্দুল আলীকে প্রদান করা হয়।



মন্তব্য করুন