কমলগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

June 27, 2017,

কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা কঠোর নিরাপত্তা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) বিকাল সাড়ে ৩টায় ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ী থেকে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে এক বর্ণাঢ্য রথযাত্রা শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথযাত্রা শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। শোভাযাত্রা উদ্বোধন কালে অধ্যাপক মো. রফিকুর রহমান বলেন, ধর্ম যার যার উৎসব সবার। প্রতিটি উৎসবে আমরা সবাই একে অন্যকে সহযোগিতা করে এসেছি আগামীতেও করবো। ধর্মীয় সম্প্রীতির উপজেলা কমলগঞ্জ। এসময় তিনি সবাইকে ঈদের শুভেচ্ছাও জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি অধ্যাপক মোহন চন্দ্র দেব, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নিহারেন্দু ভট্টাচার্য্য, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক অমলেন্দু দেবরায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. সানোয়ার হোসেন, গৌরভক্ত সংঘের সংঘাধ্যক্ষ অবিনাশ পাল, উপাধ্যক্ষ প্রমেশ পাল, নিবারন পাল, সচিব ভূষন রায়, কোষাধ্যক্ষ দীপক রঞ্জন দাসসহ ভক্তবৃন্দ। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় দুর্গাবাড়ীতে এসে সমাপ্ত হয়। হিন্দু সম্প্রদায়ের শত শত নারী-পুরুষ রথযাত্রা শোভাযাত্রায় অংশ নেন।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ীতে স্থানীয় গৌরভক্ত সংঘের আয়োজনে ৯ দিনব্যাপী নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৯ দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- মঙ্গল আরতি, দর্শন আরতি, মহাভোগরাগ, ধর্মীয় আলোচনা সভা, হরিনাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন প্রভৃতি। এদিকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগান সহ মাধবপুর, আদমপুর, শমশেরনগর, পতনঊষার, রহিমপুর, আলীনগর, ইসলামপুর, মুন্সীবাজার ইউনিয়নের বিভিন্ন স্থানের মঠ-মন্দিরে ৯ দিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। আগামী ৩ জুলাই সোমবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com