ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার শাখায় ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার শাখায় ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
৫ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থেকে ব্র্যাক ব্যাংকের ২৫ বছরের সফল পথচলার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজন মৌলভীবাজার জেলা সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর মৌলভীবাজার প্রতিনিধি ও এনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা: ছাদিক আহমদ, বিএমএ সাবেক সভাপতি ডা: আব্দুল আহাদ, প্রেসক্লাবের সদস্য সচিব ও বাংলাভিশন, দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধ সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ডা: দিলশাদ পারভিন, মনসুর আলম টিপু প্রমূখ।
বক্তারা বলেন, গ্রাহকসেবায় ব্র্যাক ব্যাংকের উৎকর্ষ, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির গুরুত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক সাইফুল আলম-এর নেতৃত্বে শাখার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের উপস্থিতি ও আন্তরিক অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনটি আরও প্রাণবন্ত, আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিরা ব্র্যাক ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যাংকটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংকের ইউনিভার্সেল অফিসার আশা মনি সিনহা এবং মাহমুদা খানম মাহি। তাঁদের প্রাণবন্ত ও সাবলীল উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল অতিথি এবং গ্রাহকদের ধন্যবাদ জানিয়ে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের জন্য আরও উন্নত, প্রযুক্তিনির্ভর ও বিশ্বমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।



মন্তব্য করুন