কুলাউড়ার বন্যাকবলিত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ

বিশেষ প্রতিনিধি॥ হাকালুকি হাওর তীরের কুলাউড়া উপজেলার বন্যা কবলিত এলাকায় ছড়িযে পড়েছে পানিবাহিত রোগ। কুলাউড়া হাসপাতালে এক সপ্তাহে ৫৭ জন রোগি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। অবশ্য হাসপাতাল কর্র্তৃপক্ষ বলছে হাওর এলাকায় মেডিকেল টিমের পাশাপাশি একটি মোবাইল মেডিকেল টিমও কাজ করছে। ভর্তি হওয়া ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগির সংখ্যা স্বাভাবিক।
কুলাউড়া উপজেলা হাসপাতাল সুত্রে জানা যায়, গত ২৮ জুন থেকে ৭ জুলাই দুপুর ১২টা পর্যন্ত ৫২ জন রোগি ডায়রিয়া আক্রান্ত হয়ে এবং ২১ জন নিউমোনিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের বেশিরভাগই বন্যা কবলিত এলাকার লোকজন। ডায়রিয়া সবশ্রেণির মানুষ আক্রান্ত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে বন্যাকালীন করণীয় ও সতর্কবানী সংবলিত একটি প্রচারপত্র হাওর এলাকায় বিলি করা হচ্ছে। তাছাড়া বন্যাকবলিত এলাকার মানুষের জন্য মোবাইল ফোনে জরুরি ব্যবস্থাপত্র প্রদানের লক্ষ্যে একটি মোবাইল নম্বর সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। যার নং ০১৭৩০-৩২ ৪৭ ৩৭ এ ব্যাপারে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল হক জানান, কুলাউড়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ইউনিয়নে একটি করে মেডিকেল টিম রয়েছে। এছাড়া রিজার্ভ ৫টি মেডিকেল টিম রয়েছে। হাকালুকি হাওর তীরে ভুকশিমইল ইউনিয়নে মেডিকেল টিমের পাশাপাশি একটি মোবাইল টিম কাজ করছে। তবে হাসপাতালে যেসব রোগি ভর্তি হচ্ছে এটা স্বাভাবিক।
মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জানান, মৌলভীবাজারের বন্যা কবলিত ৪ উপজেলার জন্য ৬৭টি মেডিকেল কাজ করছে। তাছাড়া পর্যাপ্ত ঔষধ মজুত রয়েছে।



মন্তব্য করুন