মৌলভীবাজার জেলা ইজতেমা মাঠের কাজ শুরু

আব্দুল কাইয়ুম॥ প্রথম বারের মত মৌলভীবাজারে শুরু হচ্ছে প্রায় পাঁচলক্ষ ধর্মপ্রান মানুষের অংশগ্রহনে আঞ্চলিক জেলা বিশ্ব ইজতেমা। গত কয়েকদিন যাবত ইজতেমাকে সামনে রেখে এ অঞ্চলের ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দিপনা। জেলা শহরের উপকন্ঠে সরকারী প্রকল্পের মাঠে (উপশহর) ইজতেমা আয়োজনের সার্বিক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৫ ডিসেম্বর সকাল ১১টার দিকে মূফতি রশিদ আহমদ ফারুক শায়েখে বর্ণভী বিশেষ মোনাজাতেরে মাধ্যমে মহতি এই সমাবেশের পুরো মাঠ জুড়ে তিনদিন ব্যাপী জেলা বিশ্ব ইজতেমা মাঠের কাজ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়মীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ
সম্পাদক মিছবাউর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান সহ তাবলিগ জামাতে শীর্ষ মুরব্বি, আলেম এবং সরকারি বিভিন্ন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ প্রায় হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
এর পূর্বে ১১ ডিসেম্বর সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে তাবলিগ জামাতের দায়িত্বশীলদের নিয়ে বিভিন্ন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ইজতেমা আয়োজনের সার্বিক কার্যক্রম নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে এ সভায় তাবলিগ জামাতের বৃহৎ এই গণজমায়েতকে সুষ্টুভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও তাবলিগ জামাতের দায়িত্বশীলদের সমন্নয়ে কয়েকটি উপ-কমিটি গঠন করা হয়। এরই মধ্যে তাবলিগ জামাতের নীতিনির্ধারনী ফোরাম মজলিশে শুরা ইজতেমা বাস্তবায়নের লক্ষে শীর্ষ মুরব্বিদের অংশগ্রহনে বৈঠক করেছেন। সেখানে আঞ্চলিক এই জেলা বিশ্ব ইজতেমাকে সার্বিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।
জেলার সবচেয়ে বড় এই গণজমায়েতকে স্বাগত জানিয়ে বিভিন্ন ব্যক্তিদের স্ব স্ব উদ্যেগে ঢাকা-সিলেট মহাসড়কে তোরণ নির্মাণ করা হয়েছে।



মন্তব্য করুন