বিশ্বকাপ ট্রফি এবার কার হতে যাচ্ছে?

আহমেদ ফারুক মিল্লাদ: সারা বিশ্বের কোটি কোটি দর্শকদের প্রাপ্তি আর প্রত্যাশাকে সঙ্গী করে বিশ্বকাপ ফুটবলের মহারণ প্রায় সমাপ্তির পথে। ইতোমধ্যে যোগ্যতম দল হিসাবে আজেন্টিনা ইংল্যান্ড ফ্রান্স স্পেন সেমিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। অপরদিকে ব্রাজিল, পর্তুগালসহ জনপ্রিয় অনেক দল ছিটকে পড়েছে প্রতিযোগিতা থেকে। সব খেলায় জয় কিংবা পরাজয় খেলার অপরিহার্য ও সৌন্দর্যের একটা অংশ। সেটা নিয়ে আফসোস ঝগড়া যুক্তি তর্ক বিতর্ক চিরদিন ছিলো আছে এবং থাকবে।
এবারের সেমিফাইনালে বিশ্ব ফুটবলের বর্তমান তালিকায় থাকা শীর্ষ চারটি দল একে অপরের মুখোমুখি হচ্ছে। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্ষন্ত প্রতিটি ম্যাচ নিয়ে আলোচনা সমালোচনা, নানান হিসাব নিকাশ চলছে চলবে। কে জিতবে আর কে হারবে, কে কার বিপক্ষে কটি গোল দিবে এনিয়েও টানটান উত্তেজনা আর সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে কথার ফুলঝুরি। এবারও অতীতের রেকর্ড ও চলমান বিশ্বকাপের পারফরম্যান্স মিলিয়ে নিজেদের পছন্দের দলকে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হিসাবে এগিয়ে রাখছেন সবাই। সেটা রাখাও দলীয় সমর্থন আর প্রতিযোগিতার একটা অংশ।
ব্যক্তিগত ভাবে আমি শৈশব থেকে ইংল্যান্ড ফুটবল দলের একজন ক্ষুদ্র সমর্থক। তাছাড়া ক্লাব ফুটবলে বাংলাদেশের আবাহনী ক্লাব এবং ইপিএলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার। অন্য প্রসঙ্গে যদি বলি তাহলে আমাদের গোটা সিলেট বিভাগকে বলা হয় দ্বিতীয় লন্ডন। কারন সিলেট বিভাগের কয়েক লক্ষ মানুষ ইংল্যান্ডে বসবাস করেন। মধ্য প্রাচ্যের পর দেশের রেমিট্যান্সে তাদের বড় একটা ভূমিকা আছে। পাশাপাশি ফ্রান্সের পর স্পেনে রয়েছেন হাজারও বাংলাদেশী। কিন্তু বিশ্বকাপ ফুটবল শুরু হলে দর্শক সমর্থনের পাল্লাটা হয়তো আজেন্টিনা কিংবা ব্রাজিলের দিকে বেশি ভারি থাকে। তবে দূর্ভাগ্যজনক ভাবে এবারও পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ষোল থেকে বিদায় নিয়েছে। একই ভাবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে আরেক ফেবারিট ও চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানী। তাছাড়া ৪৮ দলের মূল পর্বে জায়গা করে নিতে পারেনি চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। কিন্তু সারা বছর ফুটবলকে ভালোবেসে এবং ক্লাব ফুটবলে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করে থাকে ইংল্যান্ড স্পেন ফ্রান্স ইটালি জার্মানী। এই পাঁচটি দেশের মধ্যে এবার বিশ্বকাপ সেমিফাইনালে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স এবং একবার করে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও স্পেন অংশ নিচ্ছে। খুব স্বাভাবিক ভাবে তারা চাইবে তাদের বিপুল বিনিয়োগকে ধরে রাখতে এবং আর ক্রীড়া শৈলী সফলতার জন্য ট্রফিটা নিজেদের ঘরে তুলে নিতে। অপরদিকে এবারের বিশ্বকাপে তাদের সাথে পাল্লা দিয়ে বর্তমান ও তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ল্যাটিন আমেরিকার দেশ আজেন্টিনা চাইবে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখে শিরোপা আবারও নিজেদের ঘরে তুলে নিতে। এখন দেখ্ াযাক অপেক্ষার পালা শেষে কোন দেশের হাতে শোভা পায় বিশ্বকাপ ফুটবল ২০২৬ এর ট্রফি।
লেখক : আহমেদ ফারুক মিল্লাদ, সিনিয়র সাংবাদিক ও ৭১ টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি।



মন্তব্য করুন